স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে অজিত আগরকারের অধ্যায়। আর তাঁর বিদায়ের পরেই সমাজ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। আগরকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তাঁকে কৃতজ্ঞতা জানালেন গম্ভীর। সেই সঙ্গে লিখলেন, “ইতিহাস তোমার প্রতি সদয় হবে।” গম্ভীরের এই একটি বাক্য ঘিরেই এখন ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, আগরকরের নির্বাচক-প্রধান হিসেবে মেয়াদে ভারতীয় দল একের পর এক বড় সাফল্য পেলেও শেষ দিকে তাঁকেই নানা বিতর্কের মুখে পড়তে হয়েছিল। বিশেষ করে রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর এবং রোহিতের এক দিনের দলে থাকা নিয়ে তৈরি হওয়া জটিলতা আগরকারের শেষ পর্বকে বেশ অস্বস্তিকর করে তুলেছিল।
২০২৩ সালের জুলাইয়ে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন আগরকার। তাঁর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সময়েই ভারতীয় ক্রিকেটের সোনালি অধ্যায় তৈরি হয়। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। তার পর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ—একাধিক বড় ট্রফি এসেছে ভারতের ঘরে। স্বাভাবিকভাবেই নির্বাচক-প্রধান হিসেবে আগরকারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাফল্যের পাশাপাশি বিতর্কও কম হয়নি। রোহিত ও কোহলির টেস্ট অবসর নিয়ে প্রশ্ন উঠেছে, এক দিনের ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছড়িয়েছে। এ হেন পরিস্থিতিতে আগরকারকে নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। শেষ পর্যন্ত গত মাসে নির্বাচক-প্রধানের পদ থেকে সরে দাঁড়ান প্রাক্তন ভারতীয় পেসার।
https://x.com/GautamGambhir/status/2107710079944605986
এই পরিস্থিতিতেই আগরকারের পাশে দাঁড়িয়ে গম্ভীরের বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। সমাজ মাধ্যমে আগরকারকে উদ্দেশ্য করে তিনি লেখেন, তাঁর সঙ্গে কাজ করা “পরম সম্মানের”। আগরকারের সময় ভারত তিনটি আইসিসি ট্রফি জিতেছে—এই সাফল্য তাঁর সিদ্ধান্ত এবং দলের প্রতি দায়বদ্ধতারই প্রমাণ বলে মনে করিয়েছেন গম্ভীর। তাঁর কথায়, “দল আগে, দলের স্বার্থই সবার আগে।” এর পরেই সেই বহুচর্চিত মন্তব্য—“ইতিহাস তোমার প্রতি সদয় হবে।” গম্ভীরের পোস্ট প্রকাশ্যে আসার পরেই তা ছড়িয়ে পড়ে। অনুরাগীদের একাংশ মনে করছেন, আগরকার যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, তার প্রতি ইঙ্গিত করেই এই মন্তব্য করেছেন ভারতীয় দলের হেড কোচ। নির্বাচক হিসেবে সাফল্যের পরেও শেষ দিকে যে চাপ এবং সমালোচনা সামলাতে হয়েছে আগরকারকে, সেটিই হয়তো উঠে এসেছে গুরু গম্ভীরের কথায়।
আগরকার সরে যাওয়ার পর আপাতত নির্বাচক কমিটির ভার সামলাচ্ছেন প্রজ্ঞান ওঝা। তাঁর সঙ্গে রয়েছেন শিবসুন্দর দাস, অজয় রাত্রা এবং আরপি সিং। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কমিটিতে সবচেয়ে বেশি টেস্ট খেলা সদস্যই চেয়ারম্যানের দায়িত্ব পান। ২৪টি টেস্ট খেলা ওঝা সেই হিসেবে আপাতত কমিটির সিনিয়র সদস্য। আগরকারের জায়গায় পশ্চিমাঞ্চল থেকে নতুন নির্বাচক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। সেই নির্বাচক শুধু দল বাছাই নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রতিভা খোঁজা, ঘরোয়া ক্রিকেট পর্যবেক্ষণ এবং কৌশলগত বৈঠকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। আবেদন করার শেষ তারিখ ১৪ অক্টোবর। তবে তার আগেই আগরকারের বিদায় ঘিরে গম্ভীরের এই আবেগঘন পোস্ট নতুন মাত্রা যোগ করেছে। মাঠের সাফল্য হয়তো সব সময় আলোচনার কেন্দ্রে থাকে না। কিন্তু সময় পেরিয়ে গেলে সেই সাফল্যের মূল্যই ইতিহাস ঠিক করে। গম্ভীরের বার্তার আসল তাৎপর্য কি সেটাই? জোর চর্চা ক্রিকেট মহলে।




