পাহাড় জঙ্গলে ঘেরা জঙ্গলমহল পুরুলিয়া। বৃষ্টিভেজা এই জঙ্গলমহলে প্রকৃতি যেন মাঝের মধ্যেই নিজের বন্য রূপের ঝলক প্রকাশ করে। বনের ঐতিহ্য ও সৌন্দর্যকে রক্ষা করার দায়িত্ব শুধু বন বিভাগের নয় এই দায় সাধারণ মানুষেরও। তারই এক জলজ্যান্ত উদাহরণ মিলল পুরুলিয়ার আড়শা ব্লকের তুম্বাঝালদা গ্রামে।
বৃহস্পতিবার বেলডি গ্রাম পঞ্চায়েতের তুম্বাঝালদা গ্রামের মহুল বন সংলগ্ন একটি বাড়ির সামনে হঠাৎই দেখা মেলে একটি বিশাল অজগরের। বাড়ির সামনে বিশাল আকার এই অজগরটিকে দেখে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু সেই আতঙ্কের মাঝেও সচেতনতার নজির গড়লেন গ্রামবাসীরা। সাপটিকে কেউ আঘাত করেননি। বরং নিরাপদ দূরত্বে থেকে সাপটির রক্ষণাবেক্ষণ করেন তারা। খবর দেন আড়শা বনবিভাগে।
খবর পেয়ে বনদপ্তরের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দক্ষতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করে। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগরটির ওজন ১৭ কেজি। উচ্চতা সাড়ে পাঁচ ফুট। অজগর উদ্ধার করে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় অজগরটিকে।
এই অজগর উদ্ধার শুধুমাত্র একটি বন্য প্রাণীর উদ্ধার নয়। এর মধ্যে দিয়ে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা মিলেছে। সচেতন গ্রামবাসীদের দায়িত্বশীল ভূমিকা এবং বনদপ্তরের তৎপরতা প্রমাণ করে, সামান্য সচেতনতা থাকলেই বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সংঘাত অনেকটাই এড়ানো সম্ভব।
বনবিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। সাপ বা অন্য কোন বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হচ্ছে। বন্যপ্রাণ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বনবিভাগে তৎক্ষণাৎ খবর দেওয়ার কথা বলা হচ্ছে।




