নিউজ ডেস্ক : বিপদ যেন পিছু ছাড়ে না সুন্দরবনের। ফের জলপথে দুর্ঘটনা। নৌকায় যাত্রা করতে গিয়ে পড়তে হল বিপদে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বিদ্যাধরী নদীতে একটি নৌকা নদীর চড়ে ধাক্কা মারতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনার পরেই শোরগোল পড়ে গিয়েছে। একটি শিশুকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগের পরিস্থিতি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যাধরী নদী দিয়ে যাওয়ার সময় নৌকাটি আচমকাই নদীর চড়ে ধাক্কা মারে। এর জেরে নৌকায় থাকা যাত্রীদের জিনিসপত্র নদীর জলে পড়ে যায়। দুর্ঘটনার পরেই এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে, এক শিশুর নিখোঁজ হওয়ার খবর সামনে আসায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। শিশুটিকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে। যদিও শিশুটির কোনও খোঁজ মেলেনি। গ্ৰেফতার করা হয়েছে মাঝিকে। তবে ঠিক কী কারণে নৌকাটি নদীর চড়ে ধাক্কা মারল তা স্পষ্ট নয়।
সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা জলপথ। প্রতিদিনই নানা প্রয়োজনে নদীপথে যাতায়াত করেন বহু মানুষ। সেই জলপথে দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোসাবার বিদ্যাধরী নদীর এই দুর্ঘটনায় নিখোঁজ শিশুটিকে উদ্ধার করাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।




