নিউজ ডেস্ক: সম্পত্তির নিয়ে বিবাদের জের! রাতের অন্ধকারে হোটেলে চলল গুলি। সোমবার রাত ন'টা নাগাদ ভয়াবহ ঘটনাটি ঘটে গুয়াহাটির হোটেল বিলাস ইন। ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। ধৃতের নাম ঘনকান্ত গগৈ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রও।
জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে নটা নাগাদ গুয়াহাটির হোটেলে গুলির শব্দ শোনা যায়। পরপর গুলির আওয়াজে কেঁপে ওঠে এলাকা। আতঙ্ক ছড়ায় হোটেলে থাকা লোকজন ও স্থানীয়দের মধ্যে।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। দ্রুত সেখানে পৌঁছন পুলিশের আধিকারিকরাও। ঘটনাস্থলেই চারজন গুলিতে মারা গিয়েছেন। তাঁদের মধ্যে দু'জন মহিলা। আরও একাধিক মানুষ গুলিতে জখম। তাঁদের সকলকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।




