দুর্ঘটনা আর পুরুলিয়ার বলরামপুর এই দুই যেন একে অপরের সঙ্গে জড়িয়ে। প্রায় প্রতিদিনই এই ব্লকে কিছু না কিছু দুর্ঘটনা ঘটেই চলে। আবারো একটি ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো বলরামপুর। পুরুলিয়ার বলরামপুরে ১৮ নম্বর জাতীয় সড়কে ট্রেলার ও অটোর মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার শ্যামনগর রেলগেট ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন অটোর চালক-সহ মোট পাঁচজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামশেদপুর থেকে যাত্রী নিয়ে বলরামপুরের দিকে আসছিল একটি অটো। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে অটোটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ভিতরে থাকা যাত্রীরা গুরুতর জখম হন।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বলরামপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানান্তরিত করার সেই সময় পথেই মৃত্যু হয় আদিত্য মাঝি নামে বছর ৩৬-এর এক ব্যক্তির। তিনি আড়শা থানার কৌরাং এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে জানা গিয়েছে, হঠাৎ করেই তারা দেখতে পান দুটি গাড়ির সংঘর্ষ। মুহূর্তে আহতরা মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন। খবর দেন বলরামপুর থানায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে। ষ
পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে আরো দু'জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে। দুর্ঘটনার আসল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।