এবার হাওড়ার জগৎবল্লভপুরে স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি! টাকা-গয়না লুটের অভিযোগ উঠেছে দুষ্কৃতীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পল্লব সাহা নামের ওই ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে গুলির খোল ও একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর,গতকাল অর্থাৎ শুক্রবার রাতে দাদার সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন পল্লব সাহা। সেই সময় রাস্তায় একটি বাইকে করে ৪ জন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে। টাকা-গয়না ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। বাধা দিলে ওই স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। গুলি এসে লাগে পায়ে। এরপর আশপাশের লোকজন দুষ্কৃতীদের তাড়া করলে অন্ধকারের মধ্যে চম্পট দেয় ওই চারজন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আহত ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, পল্লব সাহা তাঁর দাদার সঙ্গে দোকানে সোনার কাজের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারের কাজও করেন।
উল্লেখ্য, কিছুদিন আগে পাঁচলায় সোনার দোকানিকে গুলি করে ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এবার জগৎবল্লভপুরেও একই ঘটনা। কয়েক মাসের মধ্যে দুটি এমন ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাওড়ার গ্রামীণ এলাকায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর এখন নজর রাখছে পুলিশ। চলছে কড়া নজরদারি। দুষ্কৃতীদের খোঁজে জারি হয়েছে তল্লাশিও। কিন্তু বারবার হাওড়ায় এমন ঘটনা ঘটছে বলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন।