স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শেষ হওয়ার আগেই ভারতীয় দলের কোচিং বিভাগে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। তৃতীয় এক দিনের ম্যাচের পরেই দু’ভাগে ভাগ হয়ে যেতে পারে গৌতম গম্ভীরের কোচিং স্টাফ। এক দিকে চলবে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজের বাকি দু’টি ম্যাচ, অন্য দিকে শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রস্তুতি। দুই সিরিজের মধ্যে সময়ের ব্যবধান কম থাকায় আগেভাগেই প্রস্তুতি শুরু করতে চাইছে ভারতীয় শিবির। তবে শেষ পর্যন্ত কে কোন দলের সঙ্গে থাকবেন, সেই সিদ্ধান্ত নেবেন প্রধান কোচ গৌতম গম্ভীর।
সোমবার হ্যামিল্টনে সাংবাদিক বৈঠকে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তৃতীয় এক দিনের ম্যাচের পর গম্ভীর এবং স্পিন বোলিং কোচ সাইরাজ বহুতুলে এক দিনের দলের সঙ্গে মাউন্ট মঙ্গানুইয়ে যেতে পারেন। অন্য দিকে, কোটাক এবং পেস বোলিং কোচ মর্নি মর্কেল চলে যাবেন ওয়েলিংটনে। সেখানে টেস্ট দলের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন তাঁরা। ১৯ নভেম্বর থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। কোটাক বলেন, ‘যত দূর জানি, গৌতমকে এখানে থাকতে হবে। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ সামনে রয়েছে। সম্ভবত সাইরাজও এখানে থাকবেন। আমি, মর্নি এবং কোচিং স্টাফের আরও কয়েক জন ওয়েলিংটনে চলে যাব।’
তিনি আরও বলেন, ‘এটাই আপাতত পরিকল্পনা। তবে গৌতমই শেষ সিদ্ধান্ত নেবে। পরিকল্পনায় বদল হতে পারে। পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটারদের ওয়ার্কলোড, ফিটনেস এবং অনুশীলনের দিকে নজর রাখতে হবে। যতটা সম্ভব প্রস্তুতি করানোর চেষ্টা করব।’
শুধু কোচিং স্টাফ নয়, এক দিনের দলের তিন পেসারকেও টেস্টের প্রস্তুতিতে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। গুরনুর ব্রার, ঔকিব নবি এবং অর্শদীপ সিং নিউজিল্যান্ডে থেকে যেতে পারেন। নেট বোলার এবং রিজার্ভ ক্রিকেটার হিসাবে তাঁরা টেস্ট দলের ব্যাটারদের প্রস্তুতিতে সাহায্য করবেন।
টেস্টের প্রস্তুতি শিবিরে ব্যাটারদের সামনে বিভিন্ন ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন করানোর পরিকল্পনা রয়েছে কোটকের। টস জেতা বা হারা, প্রথম ইনিংস কিংবা পরের ইনিংসে ব্যাটিং - প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা প্রস্তুতি নিতে চান তিনি। নিউজিল্যান্ডের পরিবেশ ও পিচের চরিত্র বুঝে ক্রিকেটারদের তৈরি করাই এখন ভারতীয় শিবিরের লক্ষ্য।




