স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্স করে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন। কিন্তু ক্লাব ফুটবলে এসে প্রথম একাদশে জায়গা পাওয়াই ছিল কঠিন। সেই ভোজিনহোই এ বার হয়ে উঠলেন কোলো কোলোর শিরোপা জয়ের অন্যতম নায়ক। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৯৭ মিনিটে তাঁর দুরন্ত সেভেই নিশ্চিত হল দলের জয়। চিলির লিগ চ্যাম্পিয়ন হয়ে কেরিয়ারের নতুন অধ্যায় লিখলেন ৪০ বছর বয়সি এই গোলকিপার।
রবিবার নুবলেনসের মাঠে ২-১ গোলে জিতে চিলির শীর্ষ লিগের খেতাব নিশ্চিত করেছে কোলো কোলো। ক্লাবের ইতিহাসে এটি ৩৫তম লিগ শিরোপা। আর কোলো কোলোর জার্সিতে প্রথম ট্রফি জিতলেন ভোজিনহো। তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল দলটি।
ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা। ১৪ মিনিটে ভিক্টর মেন্দেজের কর্নার থেকে গোল করে কোলো কোলোর হয়ে ব্যবধান গড়ে দেন আরতুরো ভিদাল। বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ফ্লামেঙ্গোর মতো ক্লাবে খেলা অভিজ্ঞ মিডফিল্ডারের গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে ২৯ মিনিটে লুকাস মোলিনা গোল করে নুবলেনসকে সমতায় ফেরান। এরপর দীর্ঘক্ষণ কোনও দলই ব্যবধান বাড়াতে পারেনি। মনে হচ্ছিল, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হবে দুই দলকে। কিন্তু যোগ করা সময়ে জাভিয়ের কোরেয়ার কাটব্যাক থেকে গোল করে কোলো কোলোর জয় নিশ্চিত করেন মার্কোস বোলাদোস।
তবে ম্যাচের শেষ নাটক তখনও বাকি। ৯৭ মিনিটে নুবলেনসের নিশ্চিত গোলের সুযোগ অসাধারণ দক্ষতায় আটকে দেন ভোজিনহো। তাঁর সেই সেভেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় কোলো কোলোর। ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটির সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ইউনিভার্সিদাদ দে চিলির ব্যবধান ১০ পয়েন্ট। ফলে বাকি তিন ম্যাচের ফল আর শিরোপার ভাগ্য বদলাতে পারবে না।
ট্রফি হাতে আবেগ ধরে রাখতে পারেননি ভোজিনহো। এই সাফল্যকে নিজের দীর্ঘ ফুটবলজীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলে উল্লেখ করেছেন তিনি। শিরোপা উৎসর্গ করেছেন পরিবার এবং নিজের দেশ কেপ ভার্দেকে।
২০২৬ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে নজর কেড়েছিলেন ভোজিনহো। সেই ম্যাচের আগে সামাজিক মাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা ছিল মাত্র ৫০ হাজার। বিশ্বকাপের পর তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৭৫ লাখে। বিশ্বখ্যাত সংস্থার প্রচারেও যুক্ত হয়েছেন তিনি। এমনকী বর্ষসেরা গোলকিপারের ভোটেও ষষ্ঠ স্থান পেয়েছেন।
অথচ বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগে খেলতেন তিনি। জুলাইয়ের শেষ দিকে যোগ দেন কোলো কোলোয়। কিন্তু নতুন ক্লাবে নিয়মিত সুযোগ পাননি। সম্ভাব্য ১৫টি ম্যাচের মধ্যে খেলেছেন মাত্র ৬টি। ১৯ বছর বয়সি গ্যাব্রিয়েল মাওরেইরার কাছে প্রথম একাদশের জায়গা হারাতে হয়েছিল তাঁকে। এ বার শিরোপা জয়ের শেষ মুহূর্তের নায়ক হয়ে সেই ছবিটাই বদলে দিলেন ভোজিনহো। ডিসেম্বরে তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে এই সাফল্যের পর ক্লাবে তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে কোলো কোলো।




