আমস্টেলভিন, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ক্রিকেট হোক কিংবা হকি। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আর তার সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের ছায়া। তবে বুধবার আমস্টেলভিনে হকি বিশ্বকাপের মঞ্চে সেই চেনা দ্বৈরথের মাঝেও দেখা গেল সৌজন্যের অন্য ছবি। ম্যাচ শুরুর আগে প্রথাগত হ্যান্ডশেক করেনি দুই দলের খেলোয়াড়েরা। জাতীয় সঙ্গীতের পর অবশ্য একে অপরের দিকে এগিয়ে এসে হাততালির বদলে হাই-ফাইভে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। আর ম্যাচ শেষ হওয়ার পরেই বদলে গেল দৃশ্য। এ বার ভারত এবং পাকিস্তানের খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে করমর্দন করলেন। রাজনৈতিক উত্তাপের মাঝে এ হেন ব্যতিক্রমী ছবি আলাদা করে নজর কেড়েছে ক্রীড়া মহলের।
অপারেশন সিঁদুরের পর ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন নিয়ে নতুন রীতি দেখা যাচ্ছে। দুই দলের ক্রিকেটাররা ম্যাচের আগে বা পরে একে অপরের সঙ্গে করমর্দন করছেন না। কিন্তু হকির মাঠে সেই পথ অনুসরণ করল না দুই দল। বুধবার নেদারল্যান্ডসের ওয়াগেনার স্টেডিয়ামে ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের পর দুই দলের খেলোয়াড়রা লাইনে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে হাই-ফাইভ করেন। ম্যাচ শেষে অবশ্য আর সেই দূরত্ব থাকেনি। করমর্দনের মাধ্যমে একে অপরকে অভিনন্দন জানান দুই দলের খেলোয়াড়েরা। গত বছর সুলতান অব জোহর কাপেও ভারত-পাকিস্তান হকি ম্যাচের পরে দুই দলের খেলোয়াড়দের হাত মেলাতে দেখা গিয়েছিল।
মাঠের লড়াই অবশ্য মোটেই বন্ধুত্বপূর্ণ ছিল না। পুল ডি-র শেষ ম্যাচে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে দিয়েছে ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিংহ এবং স্ট্রাইকার অভিষেক দু’টি করে গোল করেন। হরমনপ্রীত ৫ এবং ২১ মিনিটে দু’টি পেনাল্টি কর্নার থেকে গোল করেন। অভিষেক ১১ এবং ২৪ মিনিটে দু’টি দুর্দান্ত ফিল্ড গোল করেন। ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আরও একটি গোল করেন হার্দিক সিং। পাকিস্তানের হয়ে হান্নান শাহিদ দু’টি এবং সুফিয়ান খান একটি গোল করেন। তিন গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত ভারতের গতি আটকাতে পারেনি পাকিস্তান।
এই জয়ের ফলে পাকিস্তানের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপে ভারতের অপরাজিত থাকার ধারাও বজায় রইল। অন্য দিকে, ৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে ফেরা পাকিস্তানের অভিযান শেষ হল পরাজয় দিয়ে। প্রায় ১০ হাজার দর্শকের সামনে ওয়াগেনার স্টেডিয়ামে ম্যাচটি ছিল উত্তেজনায় ভরা। তবে সেই উত্তেজনার মধ্যেও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের করমর্দনের দৃশ্যই আলাদা করে নজর কাড়ল। ক্রিকেটের মাঠে যেখানে ভারত-পাকিস্তান দ্বৈরথে হাত মেলানো নিয়ে বিতর্ক চলছে, সেখানেই হকি দেখাল এক সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি।