স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং নিশ্চিন্দা থানার যৌথ অভিযানে বালি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি নীল-সাদা ট্যাক্সিকে আটক করে পুলিশ।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় নিশ্চিন্দা থানা এলাকায় একটি নীল-সাদা ট্যাক্সির মাধ্যমে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে বলে খবর পান তদন্তকারীরা। সেই তথ্যের ওপর ভিত্তি করে কলকাতা পুলিশের এসটিএফ ও স্থানীয় নিশ্চিন্দা থানার পুলিশ যৌথভাবে একটি ট্যাক্সিকে ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে।
তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে মোট পাঁচটি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ২৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। বাজেয়াপ্ত হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল, তিনটি ৭ এমএম পিস্তল এবং একটি দেশি তৈরি বন্দুক। পুলিশ ট্যাক্সিটিকে আটক করার পাশাপাশি চালককেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। আটক হওয়া ট্যাক্সিচালকের নাম রাজেশ কানোয়ার, যিনি বরানগরের অশোকগড়ের বাসিন্দা।
এত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ঠিক কোথা থেকে আনা হচ্ছিল এবং শহরের কোথায় বা কী উদ্দেশ্যে পাচারের পরিকল্পনা ছিল, তা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা ঘটনার মূল চক্রীদের চিহ্নিত করতে এবং পাচারচক্রের শিকড়ে পৌঁছাতে ইতিমধ্যেই পুরোদমে তদন্ত শুরু করেছে এসটিএফ ও নিশ্চিন্দা থানার পুলিশ।