১৯৪৭ সালের ১৫ অগাস্ট ১৯০ বছরের ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন হয়েছিল ভারত। শনিবার সেই স্বাধীনতা পা দিয়েছে ৮০ বছরে। সেই উপলক্ষ্যে সকল ভারতীয়কে শুভেচ্ছা জানালেন ইংল্যান্ডেরই প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। শনিবার সমাজ মাধ্যমে ভারতের প্রতি নিজের ভালবাসার কথা জানিয়ে ভারতীয় বন্ধুদের উদ্দেশে বিশেষ বার্তা দেন তিনি। তাঁর বার্তায় উঠে এসেছে ভারতীয়দের উষ্ণ আতিথেয়তা এবং দেশের প্রতি তাঁর গভীর টান।
পিটারসেন লেখেন, ‘‘আমার সমস্ত ভারতীয় বন্ধুকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! আমি তোমাদের দেশকে খুব ভালবাসি। এখানকার মানুষজন অত্যন্ত ভাল। জয় হিন্দ!’’ তাঁর এই বার্তা মুহূর্তেই নজর কাড়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। খেলোয়াড় ও ধারাভাষ্যকার হিসাবে দীর্ঘদিন ভারতের ক্রিকেটের সঙ্গে যুক্ত পিটারসেনের এই শুভেচ্ছা তাই আলাদা মাত্রা পেয়েছে।
ভারতীয় ক্রিকেটের সঙ্গে পিটারসেনের সম্পর্ক অবশ্য বেশ পুরনো। ইংল্যান্ডের হয়ে খেলার সময় থেকেই ভারতের ক্রিকেট মহলে অন্যতম পরিচিত মুখ তিনি। আইপিএলেও খেলেছেন। ক্রিকেটজীবন শেষ হওয়ার পরেও ধারাভাষ্যকার তথা ক্রিকেট বিশ্লেষক হিসাবে নিয়মিত ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। সেই সূত্রেই ভারতের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক আরও গভীর হয়েছে।
পিটারসেনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ভারতকে। এ দেশের সঙ্গে নিজের বিশেষ সম্পর্কের কথা তুলে ধরে তিনি জানান, ভারতের মানুষ, সংস্কৃতি এবং ক্রিকেটের প্রতি আবেগের স্মৃতি তাঁর মনে এখনও উজ্জ্বল। ক্রিকেট যে দুই দেশের মানুষকে আরও কাছাকাছি আনতে পারে, সেই আশাও প্রকাশ করেছেন স্মিথ।




