কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৮৪ রানে গুটিয়ে দিয়ে ১৭৮ রানের বড় লিড পেয়েছিলেন শুভমান গিলরা। ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের চতুর্থ দিনে তাই রানের গতি বাড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে ভারত। তবে গল টেস্টের স্কোরকার্ডের থেকেও এই মুহূর্তে বেশি চর্চায় কে এল রাহুল এবং দেবদত্ত পাড়িক্কালের একটি বিশেষ মুহূর্ত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। এর পর জুটি বেঁধে লিড আরও বাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন রাহুল-পাড়িক্কাল। তবে রাহুলের ইনিংস আরও আগেই শেষ হয়ে যেতে পারত। তা সম্ভব হয়নি পাড়িক্কালের বুদ্ধিদীপ্ত হস্তক্ষেপে।
মঙ্গলবার ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১১তম ওভারের শেষ বলে। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভাত জয়সূর্যর বল রাহুলের সামনের পায়ে আছড়ে পড়লে আম্পায়ার এলবিডব্লিউ ঘোষণা করেন তাঁকে। বলটি রাহুলের ডিফেন্স ভেদ করে প্যাডে লাগে। সিদ্ধান্ত শোনার পর প্রায় হাঁটতেই শুরু করে দিয়েছিলেন ভারতীয় ব্যাটার।
কিন্তু নন-স্ট্রাইকার প্রান্তে থাকা পাডিক্কাল তাঁকে রিভিউ নেওয়ার পরামর্শ দেন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই ‘নতুন জীবন’ দেয় রাহুলকে। রিপ্লেতে দেখা যায়, ব্যাটে বল লাগেনি ঠিকই। আর বলের ইমপ্যাক্টও ছিল লাইনে। তবে বলের উচ্চতার কারণে সেটি স্টাম্পে লাগত না। ফলে আম্পায়ারের এলবিডব্লিউ সিদ্ধান্ত বদলে যায়।
রিভিউয়ের ফলাফল জানার পর স্বস্তির হাসি ফুটে ওঠে রাহুলের মুখে। আর তার পরই পাড়িক্কালকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানান তিনি। নেটিজেনদের ভাষায় যাকে বলা হচ্ছে, 'ব্রোম্যান্স'। অর্থাৎ ভাইয়ে ভাইয়ে ভালবাসা।সেই মুহূর্তের ভিডিওই এখন নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।
যদিও শেষ পর্যন্ত ৩৫ রান করেই আউট হন রাহুল। তবে তাঁর ইনিংসের আগে পাড়িক্কালের সেই গুরুত্বপূর্ণ পরামর্শই আলোচনার কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে প্রথম ইনিংসে শতরান করা পাড়িক্কাল ফেরেন ৪৪ করে। কেশরা নুয়ান্থার বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ৬ রানের জন্য হাতছাড়া করেন হাফ সেঞ্চুরি।
এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে নজর কেড়েছিলেন সোনাল দিনুশা। ১৬৮ বলে ১০০ রান করে নিজের প্রথম টেস্ট শতরান পূর্ণ করেন তিনি। নিরোশন ডিকওয়েলার সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৪৬ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে বড় ধসের হাত থেকে বাঁচান দিনুশা। একটা সময় ৯০ রানে পাঁচ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা।
শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয় তারা। ভারতের হয়ে মানব সুথার ৪ টি এবং রবীন্দ্র জাদেজা ৩ উইকেট পেয়েছেন। জাদেজা নিজের ৩৫০তম টেস্ট উইকেটও তুলে নেন এই টেস্টে। তবে দলকে চিন্তায় রাখবে অধিনায়ক শুভমান গিলের ফর্ম। প্রথম ইনিংসে ব্যর্থতার পর এ দিন তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান।