কলকাতা, নিউজ ডেস্ক: দুর্গাপুজোর আর মাত্র কয়েক দিন বাকি। উৎসবের প্রস্তুতির পাশাপাশি শেষ মুহূর্তের কেনাকাটায় এখন ব্যস্ত শহর কলকাতা। শপিং মল থেকে শুরু করে বাজার, সর্বত্রই মানুষের উপচে পড়া ভিড়। সপ্তাহান্তে সেই ভিড় আরও কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যাত্রীদের এই বাড়তি চাপ সামাল দিতে পুজোর আগে দু’টি সপ্তাহান্তে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, পুজোর আগে অক্টোবরে দুটি শনিবার (৩ অক্টোবর এবং ১০ অক্টোবর) ও দুটি রবিবার (৪ অক্টোবর এবং ১১ অক্টোবর) পড়ছে। এই দু'দিন বিশেষ পরিষেবা পাওয়া যাবে একাধিক মেট্রো রুটে। ভিড়ের কথা মাথায় রেখে ওই চারদিন মিলিয়ে ২৪৪টি বেশি মেট্রো চালানো হবে। ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম), গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) এবং ইয়েলো লাইন (নোয়াপাড়া-এয়ারপোর্ট) মিলিয়ে প্রতি শনিবার মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে ৭২টি। আর রবিবার বাড়তি ৫০টি মেট্রো চালানো হবে।
মেট্রো রেল সূত্রে খবর, ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। শনিবারগুলিতে ব্লু লাইনে পরিষেবার সংখ্যা ২৫২ থেকে বাড়িয়ে ২৭২ করা হচ্ছে। অন্যদিকে, গ্রিন লাইনে ২৩৬টির পরিবর্তে ২১২টি এবং ইয়েলো লাইনে ৯২টির পরিবর্তে ১২০টি মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে অতিরিক্ত ট্রেন চালানো হলেও কোনও লাইনে প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়সূচিতে পরিবর্তন করা হচ্ছে না।
রবিবারগুলিতেও যাত্রীদের জন্য থাকছে বাড়তি পরিষেবা। ৪ ও ১১ অক্টোবর ব্লু লাইনে ১৫২টির পরিবর্তে মোট ১৮৮টি মেট্রো চলবে। গ্রিন লাইনে পরিষেবার সংখ্যা ১১১ থেকে বাড়িয়ে ১২৫ করা হচ্ছে। ইয়েলো লাইনে ওই দু’দিন ৭৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরের মধ্যে সরাসরি মেট্রো পরিষেবাও চালু থাকবে। এই রুটে আগে তিনটি সরাসরি পরিষেবা থাকলেও ওই দিনগুলিতে দু’টি পরিষেবা পাওয়া যাবে।
তবে পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানানো হয়েছে। অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না। পুজোর আগে কেনাকাটা এবং শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত মেট্রো পরিষেবা যাত্রীদের সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। ভিড়ের কথা মাথায় রেখে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে এই বিশেষ ব্যবস্থা মেট্রো কর্তৃপক্ষের। পুজোর আগে খানিক স্বস্তি পেলেন নিত্যযাত্রীরা।
