এবার কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ড। ১৪৪টি ওয়ার্ড ভেঙে কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ২০৯ করার সংশোধনী বিল ইতিমধ্যেই বিধানসভায় পাস হয়েছে। এখন অপেক্ষা রাজ্যপালের স্বাক্ষরের। সেই স্বাক্ষর হয়ে গেলেই সংশোধিত আইন কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।
খসড়া প্রকাশের পর সাধারণ নাগরিক এবং রাজনৈতিক দলগুলির কাছ থেকে মতামত চাওয়া হবে। সেই মতামত পর্যালোচনার পরই চূড়ান্ত ভাবে ওয়ার্ডের সীমানা নির্ধারণ করা হবে বলে পুর দফতর সূত্রে খবর।
অন্যদিকে হাওড়ায় ৫০টি ওয়ার্ডের পরিবর্তে হবে ৬৮টি ওয়ার্ড। অর্থাৎ দুই পুরনিগম মিলিয়ে মোট ৮৩টি নতুন ওয়ার্ড তৈরি হতে চলেছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, বর্তমান ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৫৮টি ওয়ার্ডে বড়সড় পরিবর্তন আসতে পারে। ওই ৫৮টি ওয়ার্ডকে পুনর্বিন্যাস করে ১২৩টি নতুন ওয়ার্ড তৈরির পরিকল্পনা রয়েছে। ফলে বেশ কিছু এলাকায় পুরনো ওয়ার্ডের সীমানা কার্যত বদলে যাবে। অন্যদিকে, বাকি ৮৬টি ওয়ার্ড সরাসরি ভাগ করা না হলেও সেগুলির সীমানা, আয়তন কিংবা ক্রমিক নম্বরে পরিবর্তন হতে পারে।
পুর প্রশাসনের বক্তব্য, এই পুনর্বিন্যাসের মূল উদ্দেশ্য শুধু ওয়ার্ডের সংখ্যা বাড়ানো নয়। জনসংখ্যা ও ভোটারের সংখ্যার ক্ষেত্রে ওয়ার্ডগুলির মধ্যে যে বৈষম্য রয়েছে, তা কমানোই অন্যতম লক্ষ্য। বর্তমানে বেশ কিছু ওয়ার্ডে জনসংখ্যা ও ভোটারের চাপ তুলনামূলক বেশি।
সেগুলি ভাগ হলে ওয়ার্ডপিছু জনসংখ্যার ভারসাম্য তৈরি হবে। জনসংখ্যা, এলাকার বিস্তার এবং নাগরিক পরিষেবার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সীমানা তৈরির পাশাপাশি ভবিষ্যতের বিধানসভা ও লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও এই পুনর্বিন্যাস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
পাশাপাশি, ওয়ার্ড ছোট হলে নাগরিক পরিষেবা পরিচালনাতেও সুবিধা হবে বলে মনে করছে পুর প্রশাসন। পুরকর্মী ও আধিকারিকদের উপর চাপ কমবে এবং মানুষের কাছে পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার সুযোগ বাড়বে।