নিউজ ডেস্ক: চাকরির পরীক্ষা দিতে এসেছিলেন তাঁরা। কিন্তু ভবিষ্যৎ তৈরি হওয়ার আগেই মুহূর্তে এলোমেলো হয়ে গেল সবকিছু। অবশেষে তাদের ঠিকানা হলো শ্রীঘর। এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চুঁচুড়ায়।
পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই পুলিশের হাতে ধরা পড়লেন দুই যুবক। একজনের বিরুদ্ধে অন্য পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে আসার অভিযোগ, অন্যজনের বিরুদ্ধে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অভিযোগ। কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষাকে ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়াল হুগলির চুঁচুড়ায়।
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার, ২৯ নভেম্বর কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলে এই পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি চুঁচুড়াতেও একাধিক পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া থানা এলাকার তালডাঙা গড়বাটি স্কুলের পরীক্ষা কেন্দ্রে নিশিকান্ত বিশ্বাস নামে এক যুবককে আটক করা হয়। অভিযোগ, তিনি আসল পরীক্ষার্থীর পরিবর্তে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে অ্যাডমিট কার্ডে থাকা পরীক্ষার্থীর ছবির সঙ্গে তাঁর মুখের মিল খুঁজে পাননি দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। এরপরই সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়।
অন্যদিকে, চুঁচুড়ার চকবাজার এলাকার একটি বিএড কলেজের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অভিযোগে ধরা পড়েন সুখেন ঘোষ নামে আর এক যুবক। পরীক্ষা চলাকালীন নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢোকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
দুই যুবককেই পরবর্তী সময়ে চুঁচুড়া থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করার কথা রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চুঁচুড়া থানা এলাকার মোট ১১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৩৭৫০। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতিতে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। তার মধ্যেই দুই যুবকের গ্রেফতারির ঘটনায় নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।




