হাবিবুর রহমান, ঢাকা: পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকদের মধ্যে রোববার ভোরে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা। এসময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। দফায় দফায় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ ছিল। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষের পর পদ্মা সেতু হয়ে শরীয়তপুর-ঢাকা বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহত দুজন হলেন; শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার হাফিজুর সিপাহীর ছেলে ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজামউদ্দিন মৃধা। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। রোববার ভোররাত থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সংযোগপথে অবরোধ, বিক্ষোভ ও প্রতিবন্ধকতা তৈরি করায় যান চলাচল বন্ধ করে দেয়। মহাসড়কের বিভিন্ন অংশে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়কে।

আওয়ামীলীগের মিছিল থেকে জাজিরার নাওডোবা পদ্মাভ্যালী রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। ভোরে ওই এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। পরে তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
তারা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী বলেন, ইব্রাহিম সিপাহী নামের এক যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে। তার ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, ‘দুজন নিহতের খবর পেয়েছি। একজন শরীয়তপুর জেলার, অপরজন মাদারীপুর জেলার। তারা দুজন আওয়ামী লীগের সমর্থক বলে শুনেছি। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, লকডাউনকে কেন্দ্র করে যাতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের সমর্থনে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে গোপালগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক এবং গোপালগঞ্জ-পিরোজপুর ও গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছ ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর পৌনে ১২টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরসভার সামনে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লকডাউনের প্রথম দিনে এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পরও স্বাভাবিক রয়েছে শরীয়তপুর-ঢাকা রুটে বাস চলাচল। সংঘর্ষের কারণে সকালে দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও ঢাকার উদ্দেশে বাস চলাচল শুরু হয়েছে। রোববার সকাল ৮টার পর পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকায় বাস চলাচল স্বাভাবিক হতে দেখা যায়। তবে সড়কে যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম।
পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহনও নিয়মিত বিরতিতে পদ্মা সেতু পারাপার হচ্ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ এবং অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত শরীয়তপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বাস চলাচল শুরু হয়।
শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ তালুকদার বলেন, পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের কারণে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত শরীয়তপুর থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সকাল ৮টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৫টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।




