কোহিমা: নাগাল্যান্ডের কোহিমা জেলায় জাতীয় সড়কে সন্দেহভাজন আইইডি বিস্ফোরণ। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টা নাগাদ খুজামা গ্রামের কাছে ন্যাশনাল হাইওয়ে-২ (NH-2)-এ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের রিটেনিং ওয়াল। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও নিরাপত্তাবাহিনী। শুরু হয়েছে তদন্ত।
নাগাল্যান্ড পুলিশের ডিজিপি রূপিন শর্মা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জাতীয় সড়কের পাশে একটি রিটেনিং ওয়ালের পিছনে বিস্ফোরক রাখা হয়েছিল। তারের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। বিস্ফোরণের অভিঘাতে প্রায় আড়াই মিটার দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার উল্টোদিকের গাছেও বিস্ফোরণের প্রভাব স্পষ্ট।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্রায় ১১০ মিটার তামার তার উদ্ধার করেছেন তদন্তকারীরা। পাশাপাশি পাহাড়ের ঢাল থেকে একটি দা এবং চকোলেটের মোড়কও পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি বিস্ফোরণের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য ডিমাপুর থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের দল পাঠানো হয়েছে। বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা চালায়।
বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও সেনার সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের পিছনে কারা রয়েছে, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে এবং কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও সংগঠন এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি।
ঘটনার তীব্র নিন্দা করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। সমাজমাধ্যমে তিনি জানান, এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে এবং রাজ্যের শান্তি ও সম্প্রীতিকে বিপন্ন করে। পরিস্থিতির উপর সরকার নজর রাখছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
অন্যদিকে, দক্ষিণ আঙ্গামি পাবলিক অর্গানাইজেশন (SAPO) এই বিস্ফোরণের নিন্দা করে দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছে। সংগঠনের বক্তব্য, NH-2 একটি গুরুত্বপূর্ণ জনপথ। প্রতিদিন এই রাস্তা দিয়ে পড়ুয়া, কৃষক, রোগী, পর্যটক এবং নিরাপত্তাকর্মীরা যাতায়াত করেন। সেখানে বিস্ফোরক রাখা সাধারণ মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়ার শামিল। নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি গুজব না ছড়ানোরও আবেদন জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, নাগাল্যান্ডের সঙ্গে মণিপুরের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই NH-2। খুজামা গ্রাম নাগাল্যান্ডের আন্তঃরাজ্য সীমানার কাছেই অবস্থিত। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত ১৩ জুলাই চুমৌকেদিমা জেলায় আইইডি বিস্ফোরণে এক অসম রাইফেলস জওয়ানের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন আরও চার জন।
বর্তমানে খুজামার বিস্ফোরণের তদন্ত চলছে। তবে এটি নিছক বিস্ফোরণ, নাকি পরিকল্পিত নাশকতার ঘটনা, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।




