প্রতিদিনের মতোই শনিবার সকালেও ব্যস্ত ছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে। যানবাহনের ভিড়, দোকানপাটের সামনে মানুষের আনাগোনা সব মিলিয়ে স্বাভাবিক ছন্দেই চলছিল জনজীবন। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই চেনা ছবি বদলে গেল। বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। আর তারপরেই শুরু হলো চিৎকার, ছোটাছুটি আর উত্তেজনা। কি ঘটেছিল সেখানে? আর কেনই বা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিল নিমতা?
২৮ নভেম্বর, শনিবার সকালে কল্যাণী এক্সপ্রেস ওয়ের নিমতার তেঘরিয়া মোড়ে ইট বোঝাইকারী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরি টি পাশে থাকা একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সাইফুল নামে এক যুবকের উপর গিয়ে পড়ে। ইটের স্তুপ এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনায় আরও এক পথচারী গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে দুর্ঘটনার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, একটি 'পুলিশ' লেখা গাড়ি লরিটিকে ধাওয়া করছিল। পুলিশের তাড়া খেয়েই দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে চালক। কিন্তু সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় লরিটি। যদিও পুলিশের ধাওয়ার অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। গোটা ঘটনার তদন্ত দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এয়ারপোর্টগামী কল্যাণী এক্সপ্রেস ওয়ের লেন অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। বিক্ষুব্ধ বাসিন্দারা পুলিশকে ঘিরে প্রতিবাদ জানান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, পুলিশের সঙ্গে স্থানীয়দের হাতাহাতিও হয়। বিক্ষোভের জেরে যান চলাচল দীর্ঘক্ষণ ধরে ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মাত্র দুদিন আগেই ২৬ নভেম্বর, বৃহস্পতিবার নিমতা থানার কালিবাড়ি মোড়ের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছিল চিকিৎসক সুকান্ত দাসের। পরপর দুটি প্রাণঘাতী ঘটনায় স্বাভাবিকভাবে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। ভারী যানবাহনের বেপরোয়া গতি, রাস্তার নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বাসিন্দাদের দাবি, আর কত প্রাণ গেলে প্রশাসনের টনক নড়বে? দুর্ঘটনা রুখতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনের আরও বিপদ ঘটতে পারে বলেই আশঙ্কা তাঁদের। অন্যথা উন্নত যোগাযোগ ব্যবস্থার নামে এই রাস্তা সাধারণ মানুষের কাছে ক্রমশ মৃত্যুর ফাঁদ হয়ে উঠবে বলে আশঙ্কা স্থানীয়দের।




