কলকাতা: বাল্যবিবাহের ঘটনায় এত দিন মূলত বিয়ে সম্পন্ন করানো পুরোহিত বা কাজির ভূমিকার উপরই বেশি গুরুত্ব দেওয়া হত। কিন্তু এবার তদন্তের পরিধি আরও বাড়ানোর নির্দেশ দিল কলকাতা পুলিশ। বাল্যবিবাহের ক্ষেত্রে পুরোহিত বা কাজির পাশাপাশি বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যদের ভূমিকাও খতিয়ে দেখতে হবে। কলকাতা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা বৈঠকে থানার আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। আলিপুর বডিগার্ড লাইন্সে আয়োজিত ওই বৈঠকে শহরের সমস্ত থানার ওসিদের উপস্থিতিতে বাল্যবিবাহ সংক্রান্ত মামলার তদন্ত নিয়ে আলোচনা হয়। চিৎপুর থানার একটি বাল্যবিবাহ ও পকসো মামলায় স্বামীর ২০ বছরের কারাদণ্ডের প্রসঙ্গ তুলে ধরেই পুলিশ কমিশনার এই নির্দেশ দেন বলে জানা গিয়েছে। পুলিশের কাছে স্পষ্ট বার্তা, নাবালিকার বিয়ে কী ভাবে সম্পন্ন হল, কারা সেই বিয়েতে উদ্যোগী ছিলেন এবং পরিবারের সদস্যদের ভূমিকা কী ছিল—সব দিক খতিয়ে দেখতে হবে।
তদন্তের আওতায় আসবেন পরিবারের সদস্যরাও
বাল্যবিবাহের মতো অপরাধে অনেক সময় পরিবারের সম্মতিতেই নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া হয়। আবার কোথাও পুরোহিত বা কাজিকে দিয়ে নিয়ম মেনে বিয়ে সম্পন্ন করানো হয়। কিন্তু বিয়ের আয়োজনের পিছনে কারা ছিলেন, পরিবারের সদস্যেরা কী ভূমিকা নিয়েছিলেন, তাঁদের সম্মতি বা সক্রিয় সহযোগিতা ছিল কি না—তদন্তে সেই বিষয়গুলিও গুরুত্ব পাবে।
পুলিশ কমিশনারের নির্দেশ অনুযায়ী, শুধু বিয়ে সম্পন্ন করানো ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখেই তদন্ত শেষ করা যাবে না। বাবা-মা-সহ পরিবারের অন্য সদস্যদের ভূমিকা থাকলে সেটিও তদন্তের আওতায় আনতে হবে। অর্থাৎ, বাল্যবিবাহের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কারা যুক্ত ছিলেন, তা চিহ্নিত করার উপর জোর দিচ্ছে কলকাতা পুলিশ।
চিৎপুর থানার মামলায় স্বামীর ২০ বছরের সাজা হওয়ার ঘটনাটি এই নির্দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাল্যবিবাহের সঙ্গে নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ যুক্ত হলে পকসো আইনের আওতায় কঠোর শাস্তির বিধান রয়েছে। ফলে এই ধরনের ঘটনায় তদন্তের প্রতিটি দিক যথাযথ ভাবে খতিয়ে দেখার উপর জোর দেওয়া হয়েছে।
১১২ নম্বরে পুলিশের সাড়া দিতে সময় কমেছে
এ দিনের বৈঠকে শুধু বাল্যবিবাহ নয়, কলকাতা পুলিশের জরুরি পরিষেবা এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজ নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে দেশজুড়ে চালু হওয়া ‘ওয়ান নেশন, ওয়ান নম্বর’ ব্যবস্থার আওতায় ডায়াল ১১২ বা ইমার্জেন্সি রেসপন্স সিস্টেমে কলকাতা পুলিশের সাড়া দেওয়ার সময় উল্লেখযোগ্য ভাবে কমেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আগে জরুরি ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছতে গড়ে প্রায় ১৬ মিনিট সময় লাগত। বর্তমানে সেই সময় কমে দাঁড়িয়েছে প্রায় ৬ মিনিটে। এবার তা আরও কমিয়ে ৫ মিনিটে নামিয়ে আনার লক্ষ্য দিয়েছেন পুলিশ কমিশনার। জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
বিট পেট্রোলিং বাড়ানোর নির্দেশ
শহরের থানাগুলিতে বিট পেট্রোলিং আরও সক্রিয় করার নির্দেশও দিয়েছেন পুলিশ কমিশনার। থানার ওসিদের এলাকায় নিয়মিত নজরদারি বাড়াতে বলা হয়েছে। কোন এলাকায় অপরাধের প্রবণতা বেশি, কোথায় নিয়মিত পুলিশি টহল প্রয়োজন এবং কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, সে সব বিষয় মাথায় রেখে বিট পেট্রোলিং সাজানোর উপর জোর দেওয়া হয়েছে।
পুলিশের একাংশের বক্তব্য, দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় কলকাতা পুলিশের বিভিন্ন থানায় পর্যাপ্ত সাব-ইনস্পেক্টর এবং কনস্টেবল নেই। ফলে সীমিত কর্মী নিয়েই থানাগুলিকে কাজ চালাতে হচ্ছে। অনেক ক্ষেত্রে হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার এবং কনস্টেবলদের উপরই টহলের দায়িত্ব বেশি পড়ছে। এই পরিস্থিতিতে বিট পেট্রোলিংয়ের কার্যকারিতা বাড়ানো পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
মহিলা থানার কাজ নিয়েও অসন্তোষ
বৈঠকে কলকাতা পুলিশের মহিলা থানাগুলির কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন পুলিশ কমিশনার। পরিসংখ্যান অনুযায়ী, শহরের প্রতিটি মহিলা থানায় বছরে গড়ে ১০০টিরও কম এফআইআর দায়ের হচ্ছে। এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ মহলেই।
মহিলা নির্যাতনের অভিযোগ জানানোর জন্য বিশেষ ভাবে মহিলা থানা তৈরি করা হলেও নির্যাতিতাদের একাংশ সেই থানাগুলিতে যেতে চাইছেন না বলে অভিযোগ। পুলিশেরই একাংশের দাবি, মহিলা থানার কিছু আধিকারিকের ব্যবহার নিয়ে অভিযোগ রয়েছে। নির্যাতিতাদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে তাঁরা থানামুখী হতে অনীহা দেখাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে মহিলা থানার ওসিদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। নির্যাতিতাদের সঙ্গে সংবেদনশীল আচরণ, অভিযোগ গ্রহণে তৎপরতা এবং দ্রুত পদক্ষেপের উপর জোর দেওয়া হয়েছে।




