কলকাতা, নিউজ ডেস্ক: ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ। শনিবার সকালে ক্যাম্পাসে বিপুল পুলিশবাহিনীর উপস্থিতিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, ভোরে ক্যাম্পাসে কমপক্ষে ৩০০-র বেশি পুলিশকর্মী ঢুকে পড়ুয়াদের মঞ্চ ভেঙে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, আন্দোলনের কাজে ব্যবহৃত চেয়ার, টেবিল-সহ বিভিন্ন আসবাবপত্রও ছোট পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ, মারধর এবং ছাত্রীদের হেনস্তার অভিযোগ করছেন তাঁরা। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে ক্যাম্পাস চত্বর।
পড়ুয়াদের দাবি, আজ সকাল প্রায় ৬টা নাগাদ বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। প্রথমে কয়েকজন বহিরাগত এসে আন্দোলন মঞ্চটি ভাঙার চেষ্টা করেন। তাতে বাধা দিতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর পুলিশকর্মীরা আন্দোলনকারীদের সরিয়ে দিতে বলপ্রয়োগ করেন। কয়েকজন পড়ুয়াকে টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। শনিবার সকাল থেকে দফায় দফায় পুলিশ ও পড়ুয়াদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ক্যাম্পাসের ভিতরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পড়ুয়াদের আরও অভিযোগ, হস্টেল থেকে মূল গেটের দিকে যাওয়ার পথেও তাঁদের বাধা দেওয়া হয়। একাধিক পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। ঘটনার সময়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিয়ো রেকর্ড করছিলেন কয়েক জন পড়ুয়া। সেই সময় তাঁদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলে দাবি।
গত ২৭ সেপ্টেম্বর থেকে এসআরএফটিআই-তে অশান্তির সূত্রপাত। এই আন্দোলনের অন্যতম দাবি, উপাচার্যের পদত্যাগ। দীর্ঘদিনের এই বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে পড়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাহত হচ্ছে পঠনপাঠনও। পরিস্থিতির জেরে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ। কয়েকদিন আগেই পড়ুয়াদের ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কর্তৃপক্ষ। এর আগে একাধিকবার ক্যাম্পাসে পুলিশের প্রবেশের ঘটনাও ঘটেছিল। তার মধ্যে আজ ফের নতুন করে পুলিশের এই অভিযান আরও উত্তপ্ত হয়ে উঠেছে এসআরএফটিআই-এর পরিস্থিতি। এদিন প্রায় সকাল সাড়ে সাতটা পর্যন্ত পুলিশ এসআরএফটিআই ক্যাম্পাসে তাণ্ডব চালায় বলেই অভিযোগ আন্দোলনকারী পড়ুয়াদের। যদিও এসআরএফটিআই কর্তৃপক্ষ কিংবা পুলিশর বিরুদ্ধে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




