স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে হার্দিক পাণ্ডিয়ার যোগ্য বিকল্প হিসেবে নীতীশ কুমার রেড্ডিকে তৈরি করার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। কিন্তু সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি অন্ধ্রপ্রদেশের এই তরুণ অলরাউন্ডার। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে এবার প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর। তাঁর মতে, নীতীশ নিজের সামর্থ্যের তুলনায় অনেকটাই কম পারফর্ম করছেন। তবে ভবিষ্যতে তিনি নিজের খেলায় উন্নতি করতে পারবেন বলেই আশাবাদী প্রাক্তন কোচ।
হার্দিক পাণ্ডিয়া বারবার চোটের সমস্যায় ভুগছেন। ফলে ভারতীয় দলে তাঁর বিকল্প তৈরি করা নির্বাচকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে নীতীশকে তৈরি করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এখনও পর্যন্ত ২৭টি ম্যাচ খেলেছেন নীতীশ। তাঁর সংগ্রহে রয়েছে ৬৫৮ রান, একটি শতরান ও দুটি অর্ধশতরান। বল হাতেও নিয়েছেন ২১টি উইকেট। পরিসংখ্যান খারাপ নয়, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা এখনও দেখাতে পারেননি তিনি।
ক্রিকেটনেক্সটকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীধর বলেন, নীতীশ এই মুহূর্তে নিজের দক্ষতা অনুযায়ী খেলতে পারছেন না। ব্যাট হাতে তাঁকে আরও ভাল পারফর্ম করতে হবে। তাঁর মতে, নীতীশের মধ্যে ভাল ব্যাটার হয়ে ওঠার যথেষ্ট ক্ষমতা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগানোই এখন সবচেয়ে জরুরি। শ্রীধর আরও বলেন, বিশ্বকাপের আগে নীতীশ আরও পরিণত ক্রিকেটার হয়ে উঠতে পারেন। আবার হার্দিকও সম্পূর্ণ ফিট হয়ে দুর্দান্ত বিশ্বকাপ খেলতে পারেন। তাই এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর প্রয়োজন নেই। এদিকে, প্রাক্তন ভারতীয় বোলিং কোচ ভরত অরুণও মনে করেন, হার্দিকের অনুপস্থিতিতে নীতীশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তাঁর গতিতে আন্তর্জাতিক মানের ক্রিকেটে বল করার ক্ষমতা রয়েছে। তবে শুধু গতি থাকলেই হবে না, চাপের পরিস্থিতিতে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারাটাই আসল পরীক্ষা।




