ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পাশাপাশি মাঠের বাইরের ভুলেও মুখ পুড়ল পাকিস্তান পুরুষ হকি দলের। শনিবার এফআইএইচ পুরুষদের হকি বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-৪ গোলে হারতে হয়েছে পাকিস্তানকে। তার উপর ম্যাচ চলাকালীন পেনাল্টি কর্নারের সময় প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ড্রেসিংরুমে ফেলে আসার ঘটনা সামনে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে তারা।
ঘটনাটি ঘটে ম্যাচের ১৭ মিনিটের কাছাকাছি সময়ে। তখন ১-০ গোলে এগিয়ে ইংল্যান্ড এবং পেনাল্টি কর্নার পেয়েছিল তারা। কিন্তু পাকিস্তানের খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম মাঠে ছিল না। বাধ্য হয়ে দলের এক সদস্যকে দ্রুত ড্রেসিংরুমে ছুটে গিয়ে সেটি নিয়ে আসতে হয়। সেই সময়ের একটি ছবি পরে সমাজ মাধ্যমে পোস্ট করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন আকবর।
এই ঘটনায় আরও বিড়ম্বনায় পড়ে পাকিস্তান। সরঞ্জাম আনতে দেরি হওয়ায় পাকিস্তানের অধিনায়ক আবু বকর মাহমুদকে গ্রিন কার্ড দেখান আম্পায়ার। ফলে তাঁকে দু’মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়। প্রাক্তন অধিনায়ক সলমন সমাজ মাধ্যমে ঘটনাটির তীব্র সমালোচনা করে বলেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন ভুল কোনওভাবেই কাম্য নয়। তাঁর বক্তব্য, “শুধু কৌশল, ফিটনেস বা দক্ষতা নয়।সাফল্যের জন্য শৃঙ্খলা ও সংগঠনও সমান গুরুত্বপূর্ণ।”
বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন ঘটনায় পাকিস্তান দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। ১-৪ ব্যবধানে ইংল্যান্ডের কাছে হারার পর এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তাদের সামনে। আগামী ১৭ অগাস্ট ওয়েলসের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। তার পর ১৯ অগাস্ট রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচ। ফলে পরের দুই ম্যাচে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এমন ‘অপেশাদার’ ভুল এড়ানোই পাকিস্তানের কাছে বড় পরীক্ষা।