নিউজ ডেস্ক: মাঝআকাশে আচমকাই যান্ত্রিক বিভ্রাটের কবলে পড়েছিল বায়ুসেনার অত্যাধুনিক প্রশিক্ষণ যুদ্ধবিমান। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত মাটির দিকে নেমে আসছিল সেটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে আর বিন্দুমাত্র সময় নষ্ট করেননি বিমানে থাকা দুই চালক। বিমানটি আছড়ে পড়ার ঠিক কয়েক মুহূর্ত আগে রুদ্ধশ্বাস কায়দায় ‘ইজেক্ট’ করে প্যারাসুটের সাহায্যে শূন্যে ভেসে পড়লেন তাঁরা। চোখের নিমেষে যুদ্ধবিমানটি বিকট শব্দে মাটিতে আছড়ে পড়ে চুরমার হয়ে গেলেও, অসামান্য ক্ষিপ্রতায় প্রাণে বাঁচলেন দুই বৈমানিক। যুক্তরাজ্যের ওয়েলসে ঘটে যাওয়া এই হাড়হিম করা ঘটনার দৃশ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে।
ঘটনাটি ঘটেছে ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের একটি ‘হক টি২’ সামরিক প্রশিক্ষণ বিমানে। ওয়েলসের আকাশসীমায় নিয়মিত মহড়া ও প্রশিক্ষণ চলাকালীন এই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিমানটি দ্রুত উচ্চতা হারিয়ে নিয়ন্ত্রণহীনভাবে মাটির দিকে নেমে আসছে। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গিয়েছে বুঝতে পেরেই ককপিট থেকে স্বয়ংক্রিয় এমার্জেন্সি ইজেকশন মেকানিজম সক্রিয় করেন বৈমানিকরা।
https://x.com/RT_com/status/2102764003768381719?s=20
ভিডিওটিতে দেখা যায়, চলন্ত বিমান থেকে তীব্র গতিতে ককপিটের ওপরের অংশ ছিটকে বের হয়ে আসে এবং দুই চালক আসনসহ শূন্যে নিক্ষিপ্ত হন। তার ঠিক এক-দুই সেকেন্ডের মধ্যেই খুলে যায় তাঁদের জরুরি প্যারাসুট। পাইলটরা নিরাপদে আকাশে ভাসতে শুরু করার কয়েক মুহূর্তের মধ্যেই বিমানটি সজোরে মাটিতে আছড়ে পড়ে এবং ধোঁয়া ও আগুনের কুণ্ডলীতে ঢেকে যায়। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।
উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে প্যারাসুটের মাধ্যমে মাটিতে নামা দুই চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। তাঁদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং উভয়ের শারীরিক অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা ও বায়ুসেনা কর্তৃপক্ষের তরফে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি পাখির ধাক্কা,কী কারণে হক টি ২ যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারাল, তা ব্ল্যাক বক্স ও ধ্বংসাবশেষ খতিয়ে দেখে নিশ্চিত করা হবে।