নিউজ ডেস্ক: টাটা গোষ্ঠীকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', এমনই অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে দেশের শিল্পপতিদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুলের দাবি, দেশের ব্যবসায়ী মহল কেন এই পরিস্থিতিতে মুখ খুলছে না? তাঁদের নীরবতা কি ততক্ষণ বজায় থাকবে, যতক্ষণ না তাঁরাও একই পরিস্থিতির শিকার হচ্ছেন?
বুধবার, এক্স হ্যান্ডেলের একটি পোস্টে রাহুল লেখেন, ’টাটাকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, অথচ কোনও ব্যবসায়ী নেতা মুখ খোলার সাহস দেখাচ্ছেন না। আর কত দিন চুপ করে থাকবেন? যতক্ষণ না তারা আপনাদের পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়? পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, ভারতের ব্যবসা-বাণিজ্য মোদী ও শাহের ব্যক্তিগত সম্পত্তি নয়। শিল্পপতিদের সাহসের অভাব রয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। এই অভিযোগ তুলে রাহুলের হুঁশিয়ারি, এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করবেন তাঁরা।
রাহুলের অভিযোগ, শিল্পমহলের অনেকের সাহসের অভাব থাকতে পারে, কিন্তু কংগ্রেস এ বিষয়ে নীরব থাকবে না। তিনি এই ঘটনাকে অপরাধ হিসেবে অভিহিত করছেন, তার বিচার নিশ্চিত করার কথাও জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। এখনও পর্যন্ত রাহুল গান্ধীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি বা টাটা গোষ্ঠীর তরফে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংঘাতের কেন্দ্রে রয়েছে টাটা সন্সের এগ্জিকিউটিভ চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ। আরও পাঁচ বছরের জন্য তাঁকে ওই পদে বহাল রাখার সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন নোয়েল। তাঁর আপত্তি, পুনর্নিয়োগের প্রক্রিয়া এবং সংস্থার নিয়ম মেনে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিয়ে। টাটা সন্সের কোম্পানি সেক্রেটারিকে চিঠি দিয়ে নোয়েল জানতে চেয়েছেন, বৈঠকের আগে পাঠানো আলোচ্যসূচিতে পুনর্নিয়োগের বিষয়টি ছিল না কেন। বৈঠকের সম্পূর্ণ, আন এডিটেড ভিডিও রেকর্ডিংও চেয়েছেন তিনি।




