নিউজ ডেস্ক: ঝুম বৃষ্টিতে যখন অনেকেরই মন জানলার ধারে বসে ধোঁয়া ওঠা কফি বা গরম খিচুড়ি অথবা রোমান্টিকতায় মেতে ওঠে, তখন অনেকের সময় কাটান জীবন সংগ্রামী। অনেকের মতে বৃষ্টি রোমান্টিক হলেও সকলের কাছে ঠিক তা নয় তার আরো একটি প্রমাণ হল এই ভিডিও।
বৃষ্টি ততক্ষণই সুন্দর যখন মাথার উপর থাকে একটি মজবুত ছাদ। আর ছাদ না থাকলে পথের ধারে থাকা একটি পরিবারের কাছে সেই বৃষ্টিই হয়ে ওঠে অস্তিত্ব রক্ষার চরম লড়াই। প্রকৃতি সবার জীবনে একইভাবে ধরা দেয় না। কারও কাছে যা রূপকথার মতো মেঘলা দুপুর, কারও কাছে তা রুটি-রুজির চরম অনিশ্চয়তা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখা যাচ্ছে, যেখানে একটি অস্থায়ী খাবারের দোকানে এক মায়ের সাথে সন্তানদের নিয়ে জীবন যুদ্ধে লড়াইয়ের দৃশ্য ফুটে উঠেছে।
চারপাশ জুড়ে তখন ভারী বর্ষণ, কাদামাটি আর জমে থাকা জলের মাঝে থমকে গেছে জনজীবন। রাস্তার পাশে একটি বড় গাছের তলায় পাতা কাঠের পাটাতন, যেখানে রান্নার কড়াই, হাঁড়ি ও সামান্য কিছু খাবারের সরঞ্জাম সাজানো। সেখানে বসেই এক মহিলা একহাতে ভাঙা ছাতা ধরে উনুন আর রান্নার রসদটুকু বৃষ্টির জল থেকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।তবে এই কঠিন পরিস্থিতিতে সে একা নয় তার পাশে আছে তার দুই ছেলেও। একটি বড় পলিথিন শক্ত করে ছাউনির মতো করে ধরে দাঁড়িয়ে আছে তারা। যাতে কোনভাবেই তাদের আর্থিক উপার্জনের সরঞ্জাম টুকু নষ্ট না হয়ে যায়।
https://x.com/shayar00123/status/2107141526782464253
যে বয়সে হাতে বই-খাতা কিংবা রঙিন খেলনা থাকার কথা, খোলা মাঠে বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসিয়ে আনন্দ করার কথা,সেই বয়সে দুই শিশু দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ভিজে একাকার হয়ে, লড়ছে জীবন যুদ্ধের লড়াই। তাদের দুই হাত শক্ত করে ধরা একটি পলিথিনের চাদরে। মা যাতে নিরাপদে উনুনের আঁচটুকু বাঁচিয়ে রাখতে পারেন এবং জীবিকার উপাদানটুকু ভিজে নষ্ট না হয়, সেই তাগিদে দুই ভাই বৃষ্টি আর বাতাসের ঝাপটাকে উপেক্ষা করে মাথার ওপর ছাউনি বানিয়ে দাঁড়িয়ে রয়েছে। মুখে কোনো আক্ষেপ নেই, ক্লান্তির মাঝেও এক ফালি মায়াবী হাসি। তারাই যেন মায়ের দুই প্রহরী।
এই দৃশ্যটি যেন তুলে ধরে জীবনের কঠিন সত্যকে, মনে করিয়ে জীবনের এক বাস্তব কথা।"যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে শেখা উচিত, কারণ সবার জীবন একরকম হয় না।" চারপাশের বৈষম্য আর অপ্রাপ্তির ভিড়ে এই পরিবারটি শিখিয়ে দিচ্ছে কীভাবে প্রতিকূলতাকে হাসিমুখে মেনে নিয়ে একসঙ্গে লড়তে হয়।
বড় কোনো অভিযোগ নেই, দামি কোনো বস্তু নেই নেই, কেবল একটি সাধারণ পলিথিনের টুকরোকে আঁকড়ে ধরেই চলছে তাদের টিকে থাকার সংকল্প।
