নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে পরিবারের সঙ্গে কাটানোর কথা ছিল কিছু স্মরণীয় মুহূর্ত। কিন্তু, আচমকা এক হামলা বদলে দিল সব হিসাব। কেউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কারও শরীরে গুরুতর আঘাত, আবার কেউ হারিয়েছেন পরিবারের প্রিয় সদস্যকে। সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সামনে এসেছে হায়দ্রাবাদের এক পরিবারের এমনই মর্মান্তিক কাহিনী। কি ঘটেছিল সেদিন? কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেল এক ভারতীয় পরিবারের নাম?
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের হুথি বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় নাগরিক মহম্মদ ইউসুফ আলী। তিনি হায়দ্রাবাদের মেহদিপত্তনম এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন এআইএমআইএম প্রধান সংসদ আসাদউদ্দিন ওআইসি। ১০ অক্টোবরের এই হামলার পর দিন, ১১ই অক্টোবর ভারতীয় বিদেশ মন্ত্রক ও রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে। ওআইসির দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় ইউসুফের পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। তাঁর এক ছেলের হাঁটুতে অস্ত্রোপচার চলেছে। অন্য এক ছেলেও হাসপাতালে ভর্তি। গুরুতর আঘাতের কারণে তাঁর পায়ের তিনটি আঙ্গুল বাদ দিতে হয়েছে। ইউসুফের স্ত্রী ও মেয়ে নিরাপদে রয়েছেন। পরিবারের সঙ্গে থাকা তাঁর এক আত্মীয়র মাথায় আঘাত লাগে। তবে, বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে পরিবারের জন্য সব রকম সাহায্যের ব্যবস্থা করার আবেদন জানিয়েছে ওআইসি।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, হামলায় আহত ভারতীয়দের চিকিৎসার খোঁজ নিতে আধিকারিকেরা বিভিন্ন হাসপাতালে গিয়েছেন। দূতাবাসের বিবৃতি অনুযায়ী, তিনজন ভারতীয় আইসিইউতে রয়েছেন। যদিও তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আরও দুজন সাধারণ ওয়ার্ডে ভর্তি। অন্য আহতদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রী এস জয়শংকরও ভারতীয় নাগরিকের মৃত্যুর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
শুধুমাত্র রিয়াদ নয় সৌদি আরবের দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর সামনে এসেছে। বিমানবন্দর ও সৌদি আরামকোর দুটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানানো হয়েছে। এই হামলার জেরে বিমান চলাচলেও বিঘ্ন ঘটে। পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের বক্তব্য, সাধারণ নাগরিক ও অসামরিক পরিকাঠামোর উপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি, সৌদি আরবে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।