কয়লা ব্লক বণ্টন মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সুপ্রিম কোর্টের স্বস্তির রায়ের কয়েক দিন পরই তাঁকে নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর দাবি, সততা ও জবাবদিহির প্রশ্নে মনমোহন সিংয়ের রেকর্ড ছিল অনন্য। তাঁর সেই রেকর্ডের সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের কাজের ‘তীব্র বৈপরীত্য’ রয়েছে বলেও দাবি করেন তিনি।
সোনিয়ার দাবি, ২৯ জুলাই ২০২৬ দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। ওই দিন সুপ্রিম কোর্ট কয়লা কাণ্ডে সিবিআইয়ের দেওয়া ক্লোজার রিপোর্টকে বহাল রাখে। পাশাপাশি, কোনও ‘জোরালো কারণ’ ছাড়াই ট্রায়াল কোর্ট কেন সিবিআইয়ের রিপোর্ট প্রত্যাখ্যান করে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিল, তা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত।
এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করেন সোনিয়া। ২০১৭ সালে রাজ্যসভায় মনমোহন সিংকে নিশানা করে মোদীর ‘রেনকোট পরে স্নান’ মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই মন্তব্য সংসদীয় ইতিহাসের অন্যতম নিম্নতম মুহূর্ত হিসেবে মনে থাকবে। বর্তমানে প্রধানমন্ত্রী পড়ুয়াদের ‘ক্ষমা’ করছেন—এই প্রসঙ্গ টেনে সোনিয়ার কটাক্ষ, মোদী চাইলে এবার মনমোহনকে নিয়ে তাঁর ‘অমর্যাদাকর কটূক্তি’র জন্য নিজেকেও ক্ষমা করতে পারেন।
মনমোহন সরকারের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন সোনিয়া। তাঁর দাবি, ইউপিএ সরকারের সময়ে অর্থনৈতিক বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, শিক্ষার অধিকার, ওবিসি সংরক্ষণ, বনাধিকার আইন, জাতীয় খাদ্য সুরক্ষা আইন এবং তথ্যের অধিকার আইন দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল।
সোনিয়ার কথায়, মনমোহনের সততা নিয়ে ওঠা অভিযোগ শেষ পর্যন্ত ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। ইতিহাস তাঁকে একজন ‘শান্ত, নম্র অত্যন্ত গুরুত্বপূর্ণ’ প্রধানমন্ত্রী হিসেবে মনে রাখবে।