নয়াদিল্লি: দীপাবলিকে ‘খুশির ইদ’ বলে বর্ণনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস সভাপতির বক্তব্যকে হাতিয়ার করে এ বার সরাসরি আক্রমণে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, হিন্দুদের ধর্মীয় উৎসবের নিজস্ব পরিচয় ও ঐতিহ্যকে আড়াল করে সংখ্যালঘু তোষণের রাজনীতি করতে চাইছে কংগ্রেস।
বিজেপির প্রশ্ন, দীপাবলির নিজস্ব পরিচয় থাকতে কেন তাকে অন্য ধর্মের উৎসবের সঙ্গে তুলনা করতে হবে? পাল্টা কংগ্রেসের বক্তব্য, খাড়্গে আনন্দ ও খুশির প্রতীক হিসেবেই ‘ইদ’ শব্দটি ব্যবহার করেছেন। এই মন্তব্যের মধ্যে ধর্মীয় পরিচয় বদলে দেওয়ার কোনও উদ্দেশ্য নেই।
বিতর্কের সূত্রপাত শনিবার। দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে খাড়্গে বলেন, দেশের সর্বত্র এই উৎসব পালিত হয়। এটি আনন্দের উৎসব। তাঁর কথায়, ‘খুশিয়োঁ কা ইদ’ অর্থাৎ খুশির ইদ। এমন একটি উৎসব, যার আনন্দ দীর্ঘদিন ধরে চলে। দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদনও জানান তিনি। কিন্তু তাঁর বক্তব্যের একটি বিশেষ অংশ নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়।
https://x.com/India_TIB/status/2119485926388990444?a=KZ7ulJisMJyLsjSrf8I&s=20
‘দীপাবলিকে ইদ বলার প্রয়োজন কী?’
সোমবার খাড়্গের মন্তব্যের কড়া সমালোচনা করেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। তাঁর বক্তব্য, ইদের নিজস্ব ধর্মীয় গুরুত্ব, ঐতিহ্য ও পরিচয় রয়েছে। একই ভাবে দীপাবলিরও রয়েছে নিজস্ব মাহাত্ম্য। তা হলে হিন্দুদের অন্যতম প্রধান উৎসবকে ‘ইদ’ বলে বর্ণনা করার প্রয়োজন কী? তাঁর প্রশ্ন, কংগ্রেসের তথাকথিত ধর্মনিরপেক্ষতার রাজনীতিতে কি হিন্দু উৎসবের নিজস্ব পরিচয় বদলে দেওয়াই রাজনৈতিক শিষ্টাচার হয়ে দাঁড়িয়েছে?
খাড়্গে ও রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভাটিয়া বলেন, তাঁরা কি কখনও ইদকে ‘খুশির দীপাবলি’ বলে সম্বোধন করার সাহস দেখাবেন? তাঁর দাবি, দীপাবলির নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় তাৎপর্য রয়েছে। সেই পরিচয়কে সম্মান করা উচিত। বিজেপির বক্তব্য, দীপাবলি ছিল, আছে এবং ভবিষ্যতেও দীপাবলিই থাকবে।
https://x.com/ibestashok/status/2119728642356027573?a=rN4JKuO_BP9_3h-AZyY&s=20
‘দীপাবলিতেও ভোটব্যাঙ্কের রাজনীতি’, তোপ বিজেপির
বিজেপির জাতীয় মিডিয়া সহ-দায়িত্বপ্রাপ্ত প্রবক্তা প্রদীপ ভাণ্ডারীও এই ইস্যুতে কংগ্রেসকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, দীপাবলির মতো ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানাতেও ভোটব্যাঙ্কের রাজনীতি করতে ছাড়ছে না কংগ্রেস। খাড়্গের মন্তব্যকে কংগ্রেসের বৃহত্তর রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত করে তিনি সনাতন ধর্ম এবং হিন্দু ভাবাবেগের প্রতি দলটির মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও এই মন্তব্যকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ। তাঁর বক্তব্য, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক অবস্থানের সঙ্গে এই ধরনের মন্তব্যের যোগ রয়েছে। অন্য বিজেপি নেতারাও অভিযোগ করেছেন, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব না দিয়ে সংখ্যালঘু ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই এ ধরনের শব্দচয়ন করছেন কংগ্রেস নেতারা।
পাল্টা যুক্তি কংগ্রেসের, ‘ইদ’ মানেই তো উৎসব
বিজেপির আক্রমণের জবাবে পাল্টা সরব হয়েছে কংগ্রেসও। দলের নেতা পবন খেড়ার বক্তব্য, ‘ইদ’ শব্দটি শুধু একটি নির্দিষ্ট ধর্মীয় উৎসবের নাম হিসেবেই ব্যবহৃত হয় না, আনন্দ ও উৎসবের প্রতীক হিসেবেও এর প্রচলিত অর্থ রয়েছে। তাঁর কটাক্ষ, বিজেপি নেতাদের অভিধান খুলে শব্দের অর্থ দেখা উচিত। খাড়্গে আসলে দীপাবলির আনন্দ ও দীর্ঘস্থায়ী উৎসবের আবহ বোঝাতেই এই উপমা ব্যবহার করেছেন।
কংগ্রেস নেতা রশিদ আলভিও একই যুক্তি দিয়েছেন। তাঁর বক্তব্য, আনন্দ বোঝাতে ইদের উপমা ব্যবহার নতুন কিছু নয়। দীর্ঘদিন কাউকে দেখা না গেলে ‘ইদের চাঁদ’ বলে সম্বোধন করার প্রচলিত উদাহরণও টেনেছেন তিনি। তাঁর মতে, খাড়্গের বক্তব্যের মধ্যে কোনও ধর্মীয় বিভাজনের বার্তা ছিল না। বরং উৎসবের আনন্দকে বৃহত্তর অর্থে তুলে ধরতেই তিনি ওই শব্দ ব্যবহার করেছেন।
উৎসবের শুভেচ্ছা থেকে ফের ধর্মীয় মেরুকরণ?
ভারতের রাজনীতিতে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর নতুন নয়। রামমন্দির, মহাকুম্ভ, ছটপুজো কিংবা বিভিন্ন ধর্মীয় আচার নিয়ে এর আগেও কংগ্রেস ও বিজেপির মধ্যে একাধিকবার সংঘাত তৈরি হয়েছে। এ বার দীপাবলির শুভেচ্ছাবার্তায় ব্যবহৃত একটি উপমাকে কেন্দ্র করে ফের মুখোমুখি দুই শিবির।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিতর্কে দুটি পৃথক প্রশ্ন সামনে এসেছে। এক দিকে, কোনও উৎসবের আনন্দ বোঝাতে অন্য ধর্মের উৎসবের উপমা ব্যবহার কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে আলোচনা চলছে। অন্য দিকে, এমন একটি শব্দপ্রয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি কী ভাবে ধর্মীয় পরিচয় ও ভোটব্যাঙ্কের প্রশ্নকে সামনে আনছে, সেটিও তাৎপর্যপূর্ণ।
দীপাবলি মূলত অশুভ শক্তির বিনাশ এবং আলোর জয়ের উৎসব। অন্য দিকে, ইদ মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দুই উৎসবের ধর্মীয় তাৎপর্য আলাদা হলেও আনন্দ, সম্প্রীতি ও সামাজিক মিলনের বার্তা দু'ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কিন্তু খাড়্গের একটি মন্তব্যকে কেন্দ্র করে সেই সম্প্রীতির বার্তার বদলে এখন জাতীয় রাজনীতির মঞ্চে জায়গা করে নিয়েছে নতুন বিতর্ক।




