নিউজ ডেস্ক: বাংলাজুড়ে পুজোর আমেজ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। চারদিকে ঢাকের আওয়াজ, শিউলি ফুলের গন্ধ আর ঝলমলে আলোকসজ্জায় সেজে উঠেছে প্রতিটি পথঘাট। দুর্গাপুজোর উদ্বোধনে ব্যস্ততার মধ্যেই মঙ্গলবার আচমকা দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি। সরকারি কাজকর্ম ও বিশেষ বৈঠক সেরে রাতেই তাঁর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে ব্রিকস সংক্রান্ত নৈশভোজের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এই অনুষ্ঠানে বাংলার কয়েকজন সাংসদকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিন নদিয়ার রানাঘাটে একটি পুজো মণ্ডপ উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উদ্বোধনের পর তিনি জানান, বিকেলে দিল্লি যাচ্ছেন তিনি। রাতেই ফিরে আসবেন কলকাতায়। তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে ব্রিকসের একটি ডিনার মিটিং আছে। বিকেলে যাব। রাতেই ফিরে আসব। রাজ্যের কয়েকজন সাংসদকেও নিমন্ত্রণ জানানো হয়েছে।’
সম্প্রতি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল 'ককরোচ জনতা পার্টি'। সেখানে সামিল হন বিরোধীদের INDIA জোট। বিরোধীদের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হোক এবং নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা হোক। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর কোনও আলোচনা হয় কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
সম্প্রতি নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির জয়ের পর পুরভোটকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সোমবার কলকাতা ও হাওড়ায় বিজেপির জয়ের আবেদন জানিয়ে ‘ট্রিপল ইঞ্জিন’ সরকারের পক্ষে সওয়ালও করেছেন শুভেন্দু। যদিও দিল্লি সফরে পুরভোট নিয়ে কোনও বৈঠক হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পুজোর কর্মসূচি সেরে রাতেই কলকাতায় ফিরে বুধবার মুর্শিদাবাদ সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।