মালদহ, নিউজ ডেস্ক: মালদহের বন্যাকবলিত এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসহায় পরিবারে পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'বন্যায় বিধ্বস্ত প্রায় ২৪ হাজার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ২৪২ কোটি টাকার ক্ষতিপূরণ। যাঁদের ঘর ভেঙেছে তাঁদের ১ লক্ষ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ। ঘর আংশিক ভাঙলে ৯০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
বৃহস্পতিবার দুর্গতদের কয়েকজনের হাতে ত্রাণ সামগ্রী ও পুজোর উপহারও তুলে দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ৫ হাজার পরিবারকে পোশাক, মশারি, খাদ্য সামগ্রী বিতরণের বন্দোবস্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ২১ সরকারি ত্রাণশিবির থেকে ৫ দিন অন্তর ত্রাণ বিলির বন্দোবস্ত। ২৫ কমিউনিটি কিচেন থেকে দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা। এমনকি, গবাদি পশুদের জন্যও খাদ্য বিতরণ করা হবে সরকারের তরফে।
শুভেন্দু অধিকারী বলেন, '৫০ বছর ধরে দুর্গত মানুষদের কথা কেউ ভাবেনি ৷ কেউ এই মানুষদের দুঃখ ঘোচাতে কোনও কাজ করেননি৷ আমি প্রথম দিন থেকেই এই মানুষদের কথা ভেবে এসেছি৷ আপনাদের জলে পড়ে থাকতে দেব না। শুধু ভাষণ দিয়ে কাজ শেষ নয়। কাজের কাজ হবে। আমরা প্রধানমন্ত্রী নির্দেশ মতো কথা কম, কাজ বেশিতে বিশ্বাসী।' তিনি আরও বলেন, হেলিকপ্টারে আসার সময় ২০ মিনিট ধরে প্রতিটি বিপর্যস্ত গ্রাম, রাস্তা, বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেছি৷ মোবাইল ফোনে ভিডিয়ো তুলে রেখেছি ৷ এই যন্ত্রণা থেকে আপনাদের মুক্তি দেওয়ার অঙ্গীকার নিয়ে আজ কলকাতা ফিরে যাবে৷ এই কর্মসূচির পর রতুয়া ও মানিকচকের ভাঙন সমস্যা সমাধানের জন্য একটি প্রশাসনিক বৈঠকও করব৷ জেলাশাসকের সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর রতুয়া, মানিকচক, ইংরেজবাজারের দুরাবস্থার স্থায়ী সমাধান হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।'
Bikash Ranjan Bhattacharya: বাড়িতে হামলার পর বড় সিদ্ধান্ত! নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিকাশরঞ্জন
পাশাপাশি, তৃণমূলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন প্রত্যেক যোগ্যরা। ভোটের সময় তৃণমূল বলেছিল বিজেপি ক্ষমতায় আসলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না। আমরা হিন্দু-মুসলিম বাছিনি। যাঁরা ঘর করেছেন তাঁদের সকলকে টাকা দিয়েছি।' তবে যাঁরা বেআইনি উপায়ে যোজনার নাম তুলেছেন তাঁদের সকলের থেকে টাকা আদায় করা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন তিনি। ]মালদহ জেলাজুড়ে আরও ৩ লক্ষ ১৪ হাজার ৬০২টি নতুন ঘর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি মালদহবাসীর কাছে নাবালিকা বিবাহ রোধের আবেদন জানান।




