রাজ্যে পালাবদলের হতেই একের পর এক মামলা দায়ের হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার দায়ের হওয়া ১১টি এফআইআরের মধ্যে তিনটি মামলায় আপাতত কড়া পদক্ষেপ করা যাবে না। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন।
ভবানীপুর, কালীতলা এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া ওই তিন মামলায় আগামী ৬ অগস্ট পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাকি আটটি এফআইআরের তথ্য আদালতে জমা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।
অভিষেকের আইনজীবীর দাবি, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর কয়েক বছর আগের ঘটনাকে কেন্দ্র করে একের পর এক এফআইআর করা হচ্ছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও আদালতে সওয়াল করেন তিনি। ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া অভিষেকের বিরুদ্ধে নতুন করে এফআইআর করা যাবে না—এমন নির্দেশও চাওয়া হয়।
তবে সেই আবেদন খারিজ করে বিচারপতি স্পষ্ট জানান, ভবিষ্যতে এফআইআর দায়ের করা হবে কি না, তা নিয়ে আদালত কোনও নির্দেশ দেবে না। ইতিমধ্যে দায়ের হওয়া মামলাগুলিই আদালতে বিচারাধীন থাকবে। রাজ্যের তরফে পাল্টা দাবি করা হয়, ১১টি এফআইআর একসঙ্গে একটি আবেদনের মাধ্যমে চ্যালেঞ্জ করা যায় না। প্রতিটি এফআইআরের জন্য পৃথক মামলা করতে হবে। আদালতও জানায়, এই পরিস্থিতিতে সব মামলায় একসঙ্গে রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়।
তবে বিচারপতির পর্যবেক্ষণ,অভিষেক তদন্তে সহযোগিতা করলে তাঁকে এখনই গ্রেফতার করার প্রয়োজনীয়তা কোথায়? সেই প্রেক্ষিতেই তিনটি মামলায় আপাতত কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৬ অগস্ট।