কলকাতা, নিউজ ডেস্ক: সাত সকালে সাউথ সিটি মল সংলগ্ন অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড। শুক্রবার বহুতলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বহুতলের টাওয়ার টু-এর ২৭ তলায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন কীভাবে লাগল, তা এখনও জানা যায়নি।
দমকল সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ সাউথ সিটি কমপ্লেক্সের ভিতরে ৩ নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আচমকা আগুন লাগে। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগান আবাসনের নিরাপত্তারক্ষী এবং স্থানীয় বাসিন্দারাও।
বহুতলের কোন অংশে প্রথম আগুন লাগে, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কতটা এবং ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সাউথ সিটি মলের মতো ব্যস্ত এলাকার কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আবাসনের বাসিন্দারা কোনওরকমে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। এদিকে অগ্নিকাণ্ডের জেরে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। ফলে লিফট ব্যবহার করতে পারেননি কেউ। সিঁড়ি দিয়ে নামাতে গিয়ে রীতিমতো হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়।




