কোচবিহার, রেশমি ব্যানার্জি: সাত সকালেই বিকট শব্দ! ইট বোঝাই ১৬ চাকার ট্রাকের ভার সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো দীর্ঘদিনের পুরনো সেতু। রবিবার ভোরের এই ঘটনায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুটামারা নদীর উপর থাকা দেওশাল ব্রিজটি ভেঙে পড়েছে।আকড়াহাট-পঞ্চারহাট রাস্তার গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন বহু মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু রবিবার ভোরে একটি ইট বোঝাই ১৬ চাকার ট্রাক ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত ওজনের চাপ সামলাতে না পেরে আচমকাই সেতুর একাংশ ভেঙ্গে পড়ে। মুহূর্তের মধ্যে দুমড়ে -মুচড়ে যায় সেতুর কাঠামো।
দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে সেতুর রক্ষণাবেক্ষণ এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ নিয়ে। স্থানীয়দের দাবি, খুটামারা নদীর উপর দেওশাল ব্রিজটি বাম আমলে তৈরি হয়েছিল। ব্রিজটি নির্মাণের পর প্রায় কেটে গিয়েছে ২৫ বছর। দীর্ঘদিন ধরেই সেতুর অবস্থা ভালো ছিল না। সেতুটির বিভিন্ন অংশে দুর্বলতার চিহ্ন দেখা গিয়েছিল বলে তাঁদের দাবি।
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, প্রশাসনের তরফ থেকে আগেই সেতুটিকে দুর্বল বলে চিহ্নিত করা হয়েছিল। তা সত্ত্বেও কিভাবে সেখানে নিয়মিত ভারী পণ্যবাহী ট্রাক চলাচল করছিল, তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। তাঁদের বক্তব্য, দুর্বল সেতুর উপর দিয়ে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল বন্ধ করা হলে হয়তো এই বিপর্যয় এড়ানো সম্ভব হত।
সেতু ভেঙ্গে পড়ায় এখন চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। আকড়াহাট-পঞ্চারহাট রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। স্কুল, বাজার ,হাসপাতাল কিংবা কাজের প্রয়োজনে নিত্যদিন যাতায়াতকারী মানুষ কিভাবে গন্তব্যে পৌঁছবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কোনও বিকল্প ব্যবস্থা করা না হলে দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে জরুরি পরিষেবার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বাসিন্দাদের প্রশ্ন, যে সেতুকে দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছিল , সেখানে ১৬ চাকার অভারলোড ট্রাক ঢুকল কিভাবে?
তাঁদের দাবি, দ্রুত ঘটনাটি তদন্ত করে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেতু মেরামত বা নতুন সেতু নির্মাণের ব্যবস্থা করতে হবে। এই সেতু ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়তে হয়েছে স্থানীয়দের।