টুলুকাণ্ডে নয়া মোড়! তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে তাঁর ঘনিষ্ঠদের নাম। রবিবার রাতে বোলপুরের শান্তিনিকেতন সংলগ্ন সোনাঝুরি এলাকার সরকারডাঙায় একটি বিশাল বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন টুলু মণ্ডলের ব্যবসায় ম্যানেজারের দায়িত্বে ছিলেন বলে তদন্তকারীদের দাবি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রিপন মণ্ডল, রিয়াজুল ইসলাম ওরফে রাজ এবং শেখ নুর আলম। তদন্তকারীদের দাবি, তিনজনই টুলু মণ্ডলের পাথরের কারবারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে রিপন মণ্ডল এবং রিয়াজুল ইসলাম ওরফে রাজ টুলুর ব্যবসার ম্যানেজার হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে।
রবিবার দুপুরে আচমকাই সরকারডাঙার ওই বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। স্থানীয় সূত্রের দাবি, সোনাঝুরি জঙ্গলের পিছনে অবস্থিত ওই বাড়িতে বেশ কিছুদিন ধরেই থাকছিলেন তিনজন। এলাকায় তাঁদের টুলু মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিতি ছিল। তল্লাশি শেষে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং অপরাধমূলক নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলিতে টুলু মণ্ডলের ব্যবসা বা তাঁর কথিত সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আরও কারও নাম, যোগাযোগ বা আর্থিক লেনদেনের তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া নথি থেকে টুলুর গোটা ব্যবসায়িক নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।