নিউজ ডেস্ক: বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিমুদ্দিন টুলু মণ্ডলের আইনি রক্ষাকবচ নিয়ে ফের জটিলতা তৈরি হল। তাঁর রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি আবারও পিছিয়ে দিল কলকাতা হাই কোর্ট। তবে এ দিন শুনানি পিছিয়ে গেলেও রাজ্যকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সমস্ত কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। আগামী মঙ্গলবার, ১ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য আদালতে ওঠে। তখনই রাজ্যের কাছে টুলুর বিরুদ্ধে থাকা মামলাগুলির কেস ডায়েরি তলব করেন বিচারপতি। আদালতের নির্দেশ, পরবর্তী শুনানির আগে সংশ্লিষ্ট সমস্ত নথি জমা দিতে হবে। এর আগে গত সপ্তাহেও মামলাটির শুনানির কথা ছিল। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র সে দিন আদালতে উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে যায়। ফলে ফের এক সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে টুলু মণ্ডলকে।
এই মামলার গুরুত্ব আরও বেড়েছে সুপ্রিম কোর্টের দেওয়া অন্তর্বর্তী রক্ষাকবচের কারণে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থাগুলি। অর্থাৎ ওই সময়সীমার মধ্যে তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে ৭ ডিসেম্বরের পর কী পরিস্থিতি তৈরি হবে, তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে তাঁর। সেই কারণেই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার আগেই ফের আদালতের দ্বারস্থ হয়েছেন এই পাথর ব্যবসায়ী।
দেশে ফেরার পর থেকেই একাধিক তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন টুলু। বীরভূমের সিউড়ি থানায় তাঁকে পরপর কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত শুক্রবার প্রায় ছ'ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। এরপর মঙ্গলবার ফের তাঁকে ডাকা হয়। সে দিন প্রায় ন'ঘণ্টা থানায় ছিলেন তিনি। বুধবারও প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
শুধু পুলিশ নয়, সিআইডির তদন্তেও উঠে এসেছে টুলু মণ্ডলের নাম। বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানা এলাকায় পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনার তদন্তের সূত্রে তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছিল। সেখানে হাজিরাও দিয়েছিলেন তিনি। বুধবার ফের সিআইডি তাঁকে ডেকে পাঠালেও বীরভূমের মামলায় থানায় হাজিরার কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে যান।
এখন নজর ১ ডিসেম্বরের শুনানির দিকে। আদালতে কেস ডায়েরি জমা পড়ার পর মামলার গতিপ্রকৃতি কোন দিকে যায়, সেটাই দেখার। বিশেষ করে ৭ ডিসেম্বর রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার আগে আদালত কী নির্দেশ দেয়, তা টুলু মণ্ডলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।




