কলকাতা, নিউজ ডেস্ক: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমারকাণ্ড। কলকাতা পুরসভার আধিকারিকেরা বিলবোর্ডটি সরাতে গেলে তাঁদের সঙ্গে অভিষেকের বচসা শুরু হয়। পুরসভার দাবি, বিলবোর্ডটি নিয়ম মেনে লাগানো হয়নি। তবে সেই অভিযোগ মানতে নারাজ ডায়মন্ড হারবারের সাংসদ। ঘটনাস্থলে পুলিশ ও পুর আধিকারিকদের সঙ্গে অভিষেকের ব্যপক বচসা হয়। পরে দফতরের ভিতরেও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ বেশ কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন। অভিযোগ, অবৈধভাবে ওই বিলবোর্ড লাগানো হয়েছে। তবে তা মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁরা পার্টি অফিসের ভিতর প্রবেশ করতে চান। কিন্তু বাধা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈধ নোটিশ দেখাতে না পারার অভিযোগ তুলে সরব হন অভিষেক। ফলে সেখান থেকে চলে যেতে হয় ওই পুর আধিকারিককে। পরে তারা পুলিশ ফোর্স নিয়ে আবার ফিরে আসে। ক্যামাক স্ট্রিটের বাউন্সার ও নিরাপত্তারক্ষীদের সরিয়ে সটান ভিতরে ঢুকে যায় পুলিশ।
তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিষেকের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁর দফতরের বিলবোর্ড সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, ওই এলাকায় একাধিক বিলবোর্ড রয়েছে, কিন্তু শুধুমাত্র তাঁর দফতরের বোর্ডই সরানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভা ও পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অভিষেক বলেন, 'তৃণমূলকে ভয় পেয়েই দুর্বল করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, সংবিধানের ঊর্ধ্বে কেউ নন এবং এই ঘটনার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হবেন।