রায়বেরেলি, পিউ নন্দী: সামান্য বৃষ্টিতেই ফুটে উঠেছে স্বাস্থ্য পরিকাঠামোর কঙ্কালসার চেহারা। বৃষ্টিতে হাঁটু সমান জল রায়বেরেলির বাছরাওয়ান কমিউনিটি হেলথ সেন্টারে।
সেই দুর্দশার ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে একটি ভিডিওতে দেখা যাচ্ছে জল থৈ থৈ করছে রায়বেরেলির বাছরাওয়ান কমিউনিটি হেলথ সেন্টারে।চরম দুর্ভোগে রয়েছেন বিশেষ করে কমিউনিটি হেলথ সেন্টারে থাকা প্রসূতি ও সদ্যোজাতরা।কারণ,মেঝেতে থইথই করছে নোংরা বৃষ্টির জল আর বিছানায় রয়েছেন সদ্য মা ও তাঁদের কোলের শিশুরা।এমনকি জলের জন্য সেই বিছানাতেই বসে রয়েছেন রোগীর পরিজনেরা আর এই অবস্থাতেই বিলি করা হচ্ছে চা।কিন্ত জমে থাকা জলের দিকে কেউ কোন নজর দিচ্ছে না বলে অভিযোগ রোগীর পরিজনদের।
সূত্রের খবর, রবিবারের টানা বৃষ্টিতে জল ঢুকে বেহাল অবস্থা হয়ে পড়েছে গোটা স্বাস্থ্যকেন্দ্রের।জমে থাকা নোংরা জল থেকে ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করায় মা ও শিশুদের স্বাস্থ্য ও সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগে পড়েছেন রোগীর পরিজনেরা।
রোগী ও তাঁদের পরিবারের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এখানকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে। রবিবারের ভারী বৃষ্টি সেই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ক্ষোভ উগরে দিয়ে তারা জানান, বৃষ্টি হলেই এরকম জল জমে যায়। সবাই আসে কিন্তু জলের ব্যাপারে কেউ কোন ব্যবস্থা নেয় না।
ভিডিওতে আরও দেখা যাচ্ছে, জল থৈথৈ অবস্থাতেই ওয়ার্ডে চা বিলি করা হচ্ছে, অথচ জলের ব্যাপারে স্থায়ী কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না বলেই অভিযোগ। বারবার অস্থায়ী ব্যবস্থা না নিয়ে এবার দ্রুত ও স্থায়ী নিকাশি সমাধান করতে হবে প্রশাসনকে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পাম্পের মাধ্যমে জল নিষ্কাশন করে হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জোরালো দাবি জানিয়েছেন রোগী ও স্থানীয় মানুষ।