নিজস্ব সংবাদদাতা, চিলকিরহাট:
বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মহিলারা। ঘটনাটি ঘটেছে চিলকিরহাটের সন্ন্যাসীর ঘাট এলাকায়। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
স্থানীয় মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যেই বেআইনি মদের ব্যবসা চললেও একাধিকবার অভিযোগ জানানোর পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রতিবাদে গতকাল কয়েকজন মহিলা ওই মদের ঠেকে গিয়ে প্রতিবাদ জানান। অভিযোগ, সেই সময় ঠেকে রাখা মদের বোতল ভেঙে দেন তাঁরা।
বিক্ষোভকারীদের আরও দাবি, এরপর অভিযুক্ত মদ ব্যবসায়ী মহিলাদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং তাঁদের হুমকিও দেন। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই প্রমীলা বাহিনীর সদস্যরা রাস্তায় নেমে পথ অবরোধ শুরু করেন।
আন্দোলনরত মহিলাদের বক্তব্য, অবিলম্বে বেআইনি মদের ঠেক বন্ধ করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তাঁদের দাবি, এই মদের ব্যবসার কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুব সমাজের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, মহিলাদের তোলা অভিযোগের বিষয়ে অভিযুক্ত মদ ব্যবসায়ীর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত সত্যতা স্পষ্ট হবে।
ytfytdycyy