বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন লক্ষীরতন শুক্লা। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করে বাংলা সিনিয়র ক্রিকেট দলের কোচ বলেন, এমন জঘন্য অপরাধের কোনও ক্ষমা হতে পারে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।
একটি ভিডিও বার্তায় লক্ষ্মীরতন শুক্লা রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসাও করেন। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর নিয়ন্ত্রণাধীন প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঘটনার তদন্তে দ্রুত অগ্রগতি এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। একই সঙ্গে তিনি সমগ্র পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান।
লক্ষ্মীরতনের বক্তব্য, সমাজে এই ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগই মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারে। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এভাবেই সমাজ এবং প্রশাসনকে যৌথভাবে দায়িত্ব নিতে হবে। বারুইপুরের এই মর্মান্তিক ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে, বারুইপুরের ঘটনায় যাঁরা অভিযুক্ত তাঁদের যেমন ছাড়া হবে না, ঠিক তেমনই প্রতিবাদের নামে বিক্ষোভ করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাঁদেরও ছেড়ে কথা বলা হবে না। ইতিমধ্যে ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে ভাঙচুরের ঘটনা। এরপর বুধবার পুলিশের হাতে গ্রেফতার হন ১৮ জন। বৃহস্পতিবার নতুন করে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে এখনও অবধি গ্রেফতার ২৯।