বনগাঁ, রেশমি ব্যানার্জি: ট্রেনে ২ নৃত্য শিল্পীকে অশালীন ভাষায় হেনস্তার অভিযোগে অবশেষে গ্রেফতার করা হল টিকিট পরীক্ষককে। বনগাঁয় দুই তরুণীকে মানসিকভাবে হেনস্তা এবং আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল TTE প্রশান্ত নাথের বিরুদ্ধে। ঘটনায় প্রায় একমাস পর বুধবার রাতে সোনারপুর জিআরপি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে বনগাঁ জিআরপি। বৃহস্পতিবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।
জানা গিয়েছে, ঘটনাটি গত ১৮ জুলাইয়ের। অভিযোগ অনুযায়ী, নাচের ক্লাসে যোগ দিতে রানাঘাট যাওয়ার জন্য গোবরডাঙ্গা স্টেশন থেকে ট্রেনে ওঠে দুই নৃত্য শিল্পী। তাঁদের মধ্যে একজন তরুণী এবং অন্যজন নাবালিকা বলে জানা গিয়েছে। তাড়াহুড়োর কারণে তাঁরা ভেন্ডার কামরায় উঠে পড়েছিলেন। যদিও তাঁদের কাছে বৈধ টিকিট ছিল বলে দাবি অভিযোগকারীদের।
তাঁদের অভিযোগ, ট্রেন বনগাঁ স্টেশনে পৌঁছনোর পর দায়িত্বে থাকা TTE প্রশান্ত নাথ তাঁদের আটকে দেন। ভেন্ডার কামরায় ওঠার জন্য তাঁদের কাছে প্রায় আড়াই হাজার টাকা জরিমানার দাবি করা হয় বলেও অভিযোগ। এরপর তাঁদের একটি ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয় বলে দাবি।
অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে যখন দুই নৃত্য শিল্পী দাবি করেন, তাঁদের সঙ্গে অত্যন্ত অশালীন ও আপত্তিকর ভাষায় কথা বলে ওই TTE। এমনকি তাঁদের অভিভাবকদের ফোন করেও দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। নাচের প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকা ফোন করে দুই ছাত্রী কেন ক্লাসে পৌঁছয়নি জিজ্ঞেস করতে, তাঁর সঙ্গেও আপত্তিকর ভাষায় কথা বলা হয় বলে অভিযোগ। দুই শিল্পীর অভিযোগ ওই সময় TTE তাঁদের উদ্দেশ্যে বলেন, 'একজনকে বিয়ে করব, আর একজনকে সারারাত নাচাব।’ এই মন্তব্যকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়ায়। ঘটনার পর অভিভাবক ও নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা বনগাঁ জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শতাধিক নৃত্যশিল্পী বনগাঁ জিআরপি থানার সামনে বিক্ষোভ জানান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সোনারপুর জিআরপি এলাকা থেকে প্রশান্ত নাথকে আটক করা হয়। পরে বনগাঁয় এনে তাঁকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। বনগাঁ জিআরপি থানার ওসি নয়ন মৈত্রের নেতৃত্বে তদন্ত চলছে। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে BNS এর ১২৭(২), ৭৪, ৭৬ ,৭৯ ও ১৯৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি POCSO আইনের ১২ নম্বর ধারাও যুক্ত করা হয়েছে। অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে আরও কোনও দিক সামনে আসে কি না, এখন সেদিকেই নজর।