কলকাতা, নিউজ ডেস্ক: ক্রমশই শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান'। মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আকভান শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে।
আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে। আগামী ১৯ নভেম্বর রাতের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। তখন ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সপ্তাহজুড়ে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আকভান ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে বাংলার উপকূলে সরাসরি আঘাত হানার আশঙ্কা নেই। যদিও এর প্রভাবে আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু-একটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। পরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবার এই দুর্যোগের পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।




