দুর্ভোগের কালো মেঘ এখনো কাটেনি। কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও বন্যা পরিস্থিতি উন্নত হয়েছে অসমে। বিগত ২৪ ঘন্টায় বন্যায় মৃত্যুর কোন খবর মেলেনি। তবে বেশিরভাগ জায়গা এখনো জলমগ্ন। অসমের ছয়টি জেলায় বর্তমানে প্রায় ৪ লক্ষ ৪৫ হাজার মানুষ বন্যা পরিস্থিতির শিকার হয়ে রয়েছে।
অসম রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ রিপোর্ট অনুসারে শিবসাগর, গোলাঘাট, চরাইদেও, জোরহাট, নগাঁও এবং কামরূপ জেলায় মোট ৪,৪৫,৪৯৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও রবিবার পর্যন্ত এই পাঁচটি জেলায় সংখ্যা ছিল ৫.২৪ লক্ষেরও বেশি। এর মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু বিপর্যয় এখনো পুরোপুরি কাটেনি।
বর্তমানে ৯০-টি ত্রাণ শিবির খোলা হয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য। সেখানে আশ্রয় নিয়েছে প্রায় ২৮,৬৯৫ জন। এরই পাশাপাশি ৯৪ টি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে জরুরি সামগ্রিক পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গতদের জন্য। মানুষের পাশে সমস্ত দিক থেকেই থাকার চেষ্টা করছে অসম জেলা প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ নদী নুমালিগড়। এই নদীর জল এখনো বিপদসীমার উপরেই রয়েছে। নতুন করে জল বাড়ার আশঙ্কাও রয়েছে প্রশাসনের। তাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এখন থেকেই। উদ্ধার ও ত্রাণকাজে একযোগে কাজ করছে NDRF, SDRF এবং সিভিল ডিফেন্স টিম। উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে ৬৭ টি নৌকা।
বন্যার ধাক্কায় অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে অসম। ৩৭,১৩৯.৫২ হেক্টর কৃষিজমি জলের তলায়। এছাড়াও বহু জেলায় ঘর বাড়ি ভেঙে গিয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও পরিকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসমের বিস্তীর্ণ অঞ্চল স্বাভাবিক জীবন যাপনের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আগের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সমস্যা পুরোপুরি মেটেনি। তাই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো প্রশাসনের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সমস্ত দিক থেকে।




