গান গেয়ে জয় করেন মানুষের মন, কিন্তু আবার প্রয়োজনে সেই শিল্পীই ধারণ করেন ‘রণং দেহী’ রূপ। বাংলা লোকসঙ্গীতের খুবই পরিচিত মুখ পৌষালী। পরনে আট পৌরে শাড়ি, এক হাতে ঘুঙুর আর অন্য হাতে মাইক্রোফোন এই রূপে সবাই চেনেন তাকে।
পৌষালির সুরেলা কন্ঠের যাদুতে মুগ্ধ সকল শ্রোতা। পাশাপাশি তিনি একজন স্পষ্ট বক্তাও। মাঝেমধ্যেই বিতর্ক ধেয়ে আসে তার দিকে। সম্প্রতি একটি পডকাস্টে অপমানজনক একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
তিনি বলেন, 'একটা জায়গায় গান গাইতে গিয়েছি। আমি সাধারণত রাধাকৃষ্ণের গান দিয়েই অনুষ্ঠান শুরু করি। গান গাওয়ার পর থমথমে পরিবেশ। এমন সময় হঠাৎ এক ভদ্রলোক চিৎকার করে বলে উঠলেন- হিজরে কোথাকার'। সেই অপমান মুখ বুজে সহ্য করেন নি গায়িকা। ওই ব্যক্তিকে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন তিনি, যাতে ভবিষ্যতে কাউকে এই ধরনের মন্তব্য না করেন।
এই কটাক্ষ মুখ বুঝে সহ্য না করে গায়িকা বলেন 'আমি ওকে গাড়িতে তুলে যে আপাদমস্তক দিয়েছিলাম.... ও জীবনে কাউকে এই সম্মধনে ডাকবে না। এমন জায়গায় মারবো না.... আমি কিন্তু মাথা নিচু করার মেয়ে নই। বা আমি ভয় পেয়ে যাব এমন নয় কিন্তু'।
পডকাস্টে পৌষালী জানান, তিনি কখনো মাথা নত করে অন্যায় মেনে নিতে পারেন না। ভয় পেয়ে চুপ করে যাওয়ার মানুষ তিনি নন। উল্টে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই তার স্বভাব সিদ্ধ।
তার সংগীত শিক্ষার ভিত্তি ছিল রবীন্দ্রসংগীত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ২০১৬ সালে জি বাংলার জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা সারেগামাপা বাংলা-য় অংশ নিয়ে প্রথম বড় পরিচিতি পান শান্তিনিকেতনের এই শিল্পী। সেখানেই প্রথম ১০ জন প্রতিযোগীর মধ্যে জায়গা করে নেন। পরবর্তীতে প্রয়াত লোকসংগীত শিল্পী ও 'দোহার' ব্যান্ডের প্রতিষ্ঠাতা কালিকাপ্রসাদ ভট্টাচার্যের উৎসাহেই তিনি লোকগানের পথে হাটেন। সেই সিদ্ধান্তই তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
একই সাক্ষাৎকারে প্রশ্ন ওঠে রিয়েলিটি শো নিয়ে দীর্ঘদিনের বিতর্কও। সুপারিশ ছাড়া আদৌ কি সফল হওয়া যায়? এই প্রশ্নের জবাবে পৌষালী জানান, তিনি যে রিয়েলিটি শো-তে অংশ নিয়েছিলেন, সেখানে কোনও সুপারিশ বা অর্থের প্রয়োজন হয়নি। পাঁচ দফার কঠিন অডিশন পেরিয়ে তিনি নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছিলেন।
বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে লোকসংগীত পরিবেশন করেন পৌষালী বন্দ্যোপাধ্যায়। মেঠো সুরে যেমন তিনি শ্রোতাদের মন জিতে নেন, তেমনই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেও যে তিনি দৃঢ় প্রতিজ্ঞ —সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিলেন জনপ্রিয় এই শিল্পী।