বারুইপুরে গণপিটুনি কাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম লুৎফর শেখ ওরফে লুটো (৪৬)। বাড়ি সূর্যপুর হাট এলাকার ভাটপোতায়। এই নিয়ে গণপিটুনি কাণ্ডে গ্রেফতার মোট ৯ জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রজিৎকে পিটিয়ে খুনের ঘটনায় ধৃতদের জেরা করে লুৎফরের নাম প্রকাশ্যে আসে। সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সূর্যপুর এলাকায় অভিযান চালিয়ে বারুইপুর থানার পুলিশ লুৎফরকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানিয়েছেন তদন্তকারীদের একাংশ।
উল্লেখ্য, কয়েকদিন আগে সূর্যপুর এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র জনরোষ তৈরি
হয়। সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে স্থানীয় একদল লোক ইন্দ্রজিৎ মণ্ডল নামে ওই যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজিৎ-র। এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।