নয়াদিল্লি, নিউজ ডেস্ক: ভারত সফরে এসে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন তিনি। ইতিমধ্যে এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
রাহুল গান্ধী বর্তমানে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তাঁদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ তাই কূটনৈতিক ও রাজনৈতিক—দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ভারত ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। শিক্ষা, প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন এবং সাংস্কৃতিক আদানপ্রদান-সহ একাধিক ক্ষেত্রে দুই দেশ পরস্পরের সঙ্গে সহযোগিতা করে থাকে। আনোয়ার ইব্রাহিমের ভারত সফরে ইতিমধ্যেই দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তারই মধ্যে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে এই প্রাতরাশ বৈঠক নতুন মাত্রা যোগ করেছে।
শনিবার থেকে শুরু হয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। মূলত সেখানে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেনও তিনি। তারপরেই একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ব্রিকস সম্মেলনেই বলিউডের ছোঁয়া। দিল্লির একটি হোটেলে পিয়ানোর সঙ্গে তাল মিলিয়ে তিনি গেয়ে শোনালেন কিশোর কুমারের গাওয়া বিখ্যাত গান— 'খোওয়াব হো তুম ইয়া কোই হাকিকত।' মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
এছাড়ও, ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ্কিয়ান, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ।




