শ্রদ্ধেয় কমরেড,
জন্মদিনের রক্তিম শুভেচ্ছা জানিয়ে একটা খোলা চিঠি রইল আপনার জন্য। আপনার মত প্রবল ব্যক্তিত্ব এবং নিবিড় প্রজ্ঞা সমৃদ্ধ মানুষকে খোলা চিঠি দেওয়া সাহসের কাজ বৈকি! কিন্ত, আপনারাই তো শিখিয়েছেন সাহস না থাকলে বামপন্থী হওয়া যায় না। আমার থেকে আকৈশোর থেকে আযৌবন মুখ্যমন্ত্রীকে আদর্শ হিসেবে মেনে এসেছি, তিনি--আপনিই; শ্রী জ্যোতি বসু।
আপনাকে আমার পাঁচটি প্রশ্ন আছে এই চিঠির মাধ্যমে। জানি, মৃত মানুষ জবাব দেয়না। কিন্ত, মৃত তারকা আলো দেয়। আপনি ভারতীয় রাজনীতির সেই তারকা; যাকে আদর্শ মেনে রাস্তায় নেমে বুক চিতিয়ে লাল ঝান্ডা শক্ত মুঠোয় ধরে রাখে আঠারো থেকে আশি। যাইহোক, প্রশ্ন গুলো করা যাক-
এক) বামফ্রন্টের অন্দরমহলে চোরাগোপ্তা আক্রমণ শুরু হয়েছে। কয়েকমাস আগেই বামফ্রন্টের সাথ ছেড়েছেন প্রতীক-উর-রহমান। তাকে নিয়ে ভদ্রভাষায় সমালোচনা অথবা সূক্ষ্ম ব্যঙ্গের কষাঘাত করেছেন অনেকেই। এটা কী করে সম্ভব হল? আপনি থাকলে এমন পরিস্থিতির জন্ম হত কী?
দুই)পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধীরে ধীরে নিজের ক্ষমতা হারিয়েছে বামফ্রন্ট। আবার কেঁচেগন্ডুষ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে তাদের। এই শিক্ষাটা কতখানি যুগোপোযোগী?
তিন) সিঙ্গুর কান্ডের সময় আপনি শাসনভার সামলালে পরিস্থিতি কী হত?
চার) বারংবার বিশেষ রাজনৈতিক মহলে দাবি করা হয়, বামপন্থীরা হিন্দুদের এবং ভারতের বিরোধীতা করে-- আপনার কী মনে হয়?
পাঁচ)আপনার পর যোগ্যতম প্রশাসক হিসেবে আপনি কাকে দেখতে চেয়েছিলেন?
আজ এই পর্যন্তই। জানি, এই উত্তরগুলো আমি পাবোনা। তবে কখনও যদি কোনও অন্য আবর্তে আপনার সাথে দেখা হয়, অবশ্যই উত্তরগুলো জেনে নেব।
রক্তিম শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছি
কোনও এক কমরেড
----চিত্রজ্যোতি সিনহা