শিক্ষাপ্রতিষ্ঠান মা সরস্বতীর মন্দির। সেখানেই ঘটে গেল একটি অপ্রীতিকর ঘটনা। আইআইটি খড়গপুর ক্যাম্পাসের একটি বন্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো এক তরুণ শিক্ষকের মৃতদেহ। বুধবার দুপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত অধ্যাপকের নাম দীপক রেড্ডি পুল্লগুরম (২৫)। তিনি প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ছিলেন এবং তাঁর বাড়ি হায়দ্রাবাদে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের ২বিআর ১৪ নম্বর আবাসনের ঘরে একাই থাকতেন দীপক। বুধবার সকাল থেকেই তাঁর কোনো খোঁজ মিলছিল না। যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় পরিচিতরা তাঁর কোয়ার্টারে গিয়ে খোঁজ খবর শুরু করেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় এবং বারবার ডাকা সত্ত্বেও সাড়া না মেলায় সন্দেহ দানা বাঁধে। খবর দেওয়া হয় পুলিশে। এরপর বেলা বারোটা নাগাদ খড়গপুর টাউন থানার পুলিশ এসে দরজা খুলে ঝুলন্ত দেহটি উদ্ধার করে।
তড়িঘড়ি দীপককে ক্যাম্পাসের বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এটি নিছকই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য জড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া গিয়েছে কি না, পুলিশ তা স্পষ্ট করেনি। তদন্তের স্বার্থে কোয়ার্টারটি সিল করে দেওয়া হয়েছে।হায়দ্রাবাদে ওই তরুণ শিক্ষকের পরিবারকে ইতিমধ্যেই দুঃসংবাদটি দেওয়া হয়েছে। কোনো পারিবারিক সমস্যা বা মানসিক টানাপোড়েন ছিল কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় রাখা হচ্ছে। তবে বিকেল পর্যন্ত এই ঘটনা নিয়ে আইআইটি কর্তৃপক্ষের তরফে কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।