এ গল্প প্রেমের। না, প্রেম মানে শুধুই ভালোবাসা নয়। এই প্রেমের গল্প জেদের গল্প। সাফল্যর গল্প। একসময় কনস্টেবল হতে চেয়ে পরীক্ষাতেই ব্যর্থ হন। কিন্তু সেই ব্যর্থতা সাফল্যর রূপ পেয়েছে। রাজস্থানের প্রত্যন্ত গ্রামের এক কৃষক পরিবারের সন্তান স্রেফ জেদের বশে একটার পর একটা সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য পেয়েছেন। ছয় বছরে তাঁর ঝুলিতে জমা হয় ১২টি সরকারি চাকরি! শেষ অবধি UPSC Civil Services Examination-এ সাফল্য পেয়ে জায়গা করে নেন Indian Police Service-এ। তিনি IPS অফিসার প্রেম সুখ দেলু।
রাজস্থানের বিকানির জেলার রাইসার গ্রামের বাসিন্দা প্রেম সুখ দেলু। সংসার চালাতে তাঁর বাবা কৃষিকাজ করতেন এবং উটের গাড়ি চালাতেন। প্রতিকূলতাকে সম্বল করে পড়াশোনা চালিয়ে যান তিনি। তিনি বুঝেছিলেন জীবন বদলের শক্তিশালী অস্ত্র 'শিক্ষা'। সরকারি স্কুলে পড়াশোনা শেষে ইতিহাসে স্নাতকোত্তর করেন তিনি। পড়াশোনায় সাফল্যের পাশাপাশি সেই বিষয়ে গোল্ড মেডেলও লাভ করেন। একইসাথে UGC NET এবং JRF পরীক্ষাতেও উত্তীর্ণ হন।
রাজস্থান পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় তিনি প্রথমবার সফল হতে পারেননি। কিন্তু প্রেম সুখ দেলু থামালেন না। পড়াশোনার পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে থাকেন তিনি। ধীরে ধীরে তাঁর পরিশ্রমের ফলতে শুরু করে। প্রথমদিকে বিকানিরে Patwari হিসেবে চাকরি পান। একে একে Rajasthan Gram Sevak পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। Rajasthan Police Sub-Inspector এবং Assistant Jailor সব মিলিয়ে একাধিক সরকারি চাকরির পরীক্ষাতেও সফল হন। প্রায় ছয় বছরের মধ্যে ১২টি সরকারি চাকরিতে নির্বাচিত হন। তবে তাঁর লক্ষ্য ছিল আরও বড়; UPSC Civil Services।
এ গল্প শুধুমাত্র একজন IPS অফিসারের সাফল্যের গল্প নয়। এই গল্পের শিক্ষা, একটি পরীক্ষায় ব্যর্থ হওয়া মানেই জীবনে ব্যর্থ হয়ে যাওয়া নয়। এবং সাফল্য অনেক সময় এক লহমায় আসে না। প্রেম সুখ দেলুর গল্প যে কোনও মানুষ, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী এবং নিজের পরিস্থিতি বদলাতে চাওয়া প্রত্যেকের জন্যই সেরা অনুপ্রেরণা।