কলকাতা, নিউজ ডেস্ক: পায়ের পেশিতে ধরছে টান, মাথার উপর চড়া রোদ কিন্তু চোখে একটাই স্বপ্ন, অরিজিৎ সিং কে চোখের সামনে দেখতে পাওয়া। প্রিয় গায়কের সঙ্গে মোলাকাত করতে মালদহ থেকে সাইকেলে জিয়াগঞ্জে ভক্ত। প্রিয় শিল্পীর সঙ্গে সশরীরে একটি মুহূর্ত আর একটা ছবি তোলার টানে আস্ত একটা সাইকেল নিয়ে প্রায় ২০০ কিলোমিটার দূরপাল্লার অভিযানে নেমে পড়েছেন মালদহের তরুণ গণেশ শেখ।
বামনগোলার জামতলার বাসিন্দা ২২ বছর বয়সি এই যুবক স্থানীয়ভাবে পরিচিত ‘বালুরঘাট পাকুয়া’ নামে। পড়াশোনা বেশি দূর না হলেও অরিজিতের গানের প্রতি টান তাঁর ছোটবেলা থেকেই। সেই ভালোবাসা থেকেই রবিবার ভোর চারটেয় ঘর ছাড়েন বিজয় শেখ ও মৌসুমী শেখের মেজো ছেলে। হ্যান্ডেলে বাঁধা জাতীয় পতাকা আর বুকে ঝুলছে পোস্টার ‘এক সফর, এক স্বপ্ন, এক মুলাকাত’।
সোমবার দুপুরে ফারাক্কা হয়ে এগোতে থাকা গণেশের সামনে এখন সময়ের সঙ্গে লড়াই। কারণ মঙ্গলবার ভোরেই অরিজিৎ সিং মুম্বই উড়ে যেতে পারেন বলে শুনেছেন তিনি। তাই রাতের মধ্যেই পৌঁছতে হবে জিয়াগঞ্জে, যেখানে ওড়িশা থেকে আসা তাঁর এক বন্ধু ইতিমধ্যেই হাজির।
এর আগে সাইকেল নিয়ে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গেও দেখা করেছিলেন বলে দাবি এই যুবকের। প্রিয় তারকাকে ছুঁয়ে দেখার এই জেদ ও পাগলামি ঘিরে এখন পথচলতি মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল। শেষ পর্যন্ত জিয়াগঞ্জে পৌঁছে এই দীর্ঘ সফরের সার্থকতা মিলবে কি না, সেই উত্তরের অপেক্ষাতেই সাইকেলের গতি বাড়াচ্ছেন গণেশ।