বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় হয়েছিল অপরিচিত একটি বাড়ি। আর তাতেই হল কাল। চোর অপবাদে গণপিটুনি দেওয়া হল এক তরুণকে। তাতেই মর্মান্তিক পরিণতি। ঘটনাকে ঘিরে উত্তপ্ত কোচবিহার।
প্রসঙ্গত, রবিবার রাতে কোচবিহারের সংলগ্ন এলাকার বাঁধের রাস্তায় একটি ভান্ডারা চলছিল। আজমকাই বৃষ্টি শুরু হয় সেখানে। বৃষ্টির হাত থেকে রেহাই পেতে একটি বাড়ির সামনে আশ্রয় নেয় ওই তরুণ। অভিযোগ, তাকে চোর সন্দেহ করে আটকে রাখে কয়েকজন। এমনকি মারধোর করা হয়। এছাড়াও জোর করে কিছু খাইয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সোমবার সকালে এলাকার রাস্তায় তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর প্রথমে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই সোমবার রাতে তার মৃত্যু হয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবার।
তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধঁয়াশা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, চোর অপবাদ সহ্য করতে না পেরে ওই তরুণ নিজেই কীটনাশক জাতীয় কিছু খেয়ে আত্মহত্যা চেষ্টা করেছিল। ফলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি এখনো পর্যন্ত।
ঘটনাকে ঘিরে মঙ্গলবার বিক্ষোভের চেহারা নেয় গোটা এলাকা। পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ঘটনার জেরে যান চলাচল ও ব্যাহত হয় ওই রাস্তায়। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। গোটা এলাকায় একেবারে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।